ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১৩:২১ পিএম
মৃত ও অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় চোর সন্দেহে দুই যুবককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে।
এতে লাল বাদশা (১৮) নামে এক যুবক মারা গেছেন। একই স্থান থেকে জীবিত অবস্থায় মাইদুল নামে আরেক যুবককে উদ্ধার করেছে ক্ষেতলাল থানা পুলিশ।
নিহত লাল বাদশা উপজেলার আলমপুর ইউনিয়নের আলমপুর আদর্শ গ্রামের জামালের ছেলে। আহত মাইদুল একই এলাকার ইব্রাহিমের ছেলে। তারা দুজনই বন্ধু বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় দুই যুবককে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাল বাদশাকে মৃত অবস্থায় এবং মাইদুলকে জীবিত অবস্থায় উদ্ধার করে। পরে মাইদুলকে ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
জীবিত উদ্ধার হওয়া মাইদুল জানান, জামালগঞ্জ চারমাথা এলাকার একটি তেলের পাম্পের কাছ থেকে কয়েকজন ব্যক্তি তাদের ডেকে একটি বাড়িতে নিয়ে যান। সেখানে তাদের মারধর ও নির্যাতন করা হয়। পরে তাদের মাঠের পাশে ফেলে রেখে যায়। ওই ব্যক্তিদের সামনে পেলে তিনি চিনতে পারবেন বলে জানান মাইদুল। তবে তাদের নাম বা বাড়ির ঠিকানা তিনি জানেন না।
নিহত লাল বাদশার পরিবারের দাবি, তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন। চোখেও কম দেখতেন। মাইদুলেরও কিছুটা জ্ঞান-বুদ্ধির সমস্যা রয়েছে বলে পরিবারের সদস্যরা জানান।
পুলিশের প্রাথমিক ধারণা, দুই যুবককে চোর সন্দেহে মারধর ও নির্যাতন করা হয়ে থাকতে পারে। একপর্যায়ে তাদের মাঠের পাশে ফেলে রাখা হয়। সেখানে লাল বাদশা মৃত এবং মাইদুল অচেতন হয়ে পড়ে ছিল। তবে কী কারণে তাদের ওপর হামলা চালানো হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত এবং অপরজনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোর সন্দেহে তাদের মারধর করা হয়ে থাকতে পারে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মাইদুলের দেওয়া তথ্য ও অন্যান্য বিষয় যাচাই করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নিহত লাল বাদশার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।