নেছারাবাদ (পিরোজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১২:৫৯ পিএম
পিরোজপুরের নেছারাবাদে শনিবার রাতের আঁধারে শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত পোস্টার সাঁটানো হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পিরোজপুরের নেছারাবাদে শনিবার রাতের আঁধারে শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত পোস্টার সাঁটানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উপজেলার অন্য কোথাও পোস্টার দেখা না গেলেও সমুদয়কাঠি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গ্রামের গুরুত্বপূর্ণ স্থানে এসব পোস্টার দেখা গেছে।
স্থানীয় কয়েকজন জানান, রাতের আঁধারে সমুদয়কাঠি ইউনিয়নের সেহাংগল, জুলুহার, মৈশানি, সাগরকান্দা, শশিদসহ বিভিন্ন গ্রামের হাট-বাজারে পোস্টারগুলো সাঁটানো হয়। তবে কে বা কারা এসব পোস্টার লাগিয়েছে, তা তারা দেখেননি।
পোস্টারে লেখা রয়েছে, ‘১৫ই আগস্ট জাতীয় শোক দিবস, কাঁদো বাঙালি কাঁদো।’
এতে শেখ মুজিবুর রহমান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
পোস্টারে ঢাকা দক্ষিণ শ্যামপুর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদধারী সাগর মন্ডলের ছবি রয়েছে।এবং তার ছবির পাশে সমুদয়কাঠি ইউনিয়নের বাসিন্দা মো. জিয়া উদ্দীন তাওহীদের ছবিও রয়েছে।
স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, জিয়া উদ্দীন তাওহীদ আওয়ামী লীগ-সমর্থক এবং সাংবাদিকতার পরিচয়ে বাড়িতে বসে আওয়ামী লীগের পক্ষে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
তবে অভিযোগ অস্বীকার করে মো. জিয়া উদ্দীন তাওহীদ বলেন, “আমি অসুস্থ মানুষ। বাড়িতে থাকি। আমি একজন সাংবাদিক ও টকশো ব্যক্তিত্ব। কে বা কারা ওই শোক দিবসের পোস্টার সাঁটিয়েছে, তা আমার জানা নেই।”
সমুদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন খান বলেন, “বিএনপির দু-একজন নেতার মদদে সমুদয়কাঠিতে আওয়ামী লীগের বিস্তার লাভ করছে।”
তিনি আরও বলেন, “আমি বাড়িতে থাকলে কোনো পোস্টার উঠতে দিতাম না। তবে বিষয়টি শুনেছি, আমি দেখব।”