চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩ ১৭:০৯ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩ ১৭:৪৫ পিএম
কোচগুলো বন্দর থেকে খালাস করে রেলওয়ে পূর্বাঞ্চলের ওয়ার্কশপে নেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত
দক্ষিণ কোরিয়া থেকে দ্বিতীয় চালানে আরও ১৫টি মিটারগেজ রেল কোচ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) কোচগুলো বন্দর থেকে খালাস করে রেলওয়ে পূর্বাঞ্চলের ওয়ার্কশপে নেওয়া হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আবু জাফর মিঞা এ তথ্য জানিয়েছেন।
প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘কোচগুলো দক্ষিণ কোরিয়া থেকে আনা হয়েছে। বুধবার চট্টগ্রাম বন্দরে আসার পর আজ (বৃহস্পতিবার) কোচগুলো খালাস করে পাহাড়তলী ওয়ার্কশপে নেওয়া হয়েছে। সেখানে কমিশনিং করার পর কোচগুলো ট্রায়াল রানে পাঠানো হবে।’
বন্দর সূত্রে জানা যায়, দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী এমভি স্টার টাইচি জাহাজে করে কোচগুলো নিয়ে আসা হয়। জাহাজটি গত ২৪ ডিসেম্বর কোরিয়া থেকে কোচ নিয়ে রওনা করে। বুধবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।
এর আগে গত ১০ ডিসেম্বর একটি চালানে আরও ১৫টি কোচ আসে। এ নিয়ে এক মাসের ব্যবধানে ৩০টি নতুন কোচ বাংলাদেশ রেলওয়েতে যুক্ত হতে যাচ্ছে।