ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১১:৫৭ এএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৬ ১২:৫০ পিএম
বাঁয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগ নেতা সোহেল রানা পবন এবং ডানে তার ভাই বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুবেল মাহমুদ রতন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
কুষ্টিয়ার ভেড়ামারায় ১৫ আগস্ট উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টার অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ নেতা সোহেল রানা পবন এবং তার ভাই রুবেল মাহমুদ রতনকে আটক করেছে পুলিশ।
উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের পাশের কুচিয়ামোড়া বাজারসংলগ্ন এলাকা থেকে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।
আটক সোহেল রানা পবন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের উপজেলা সহসভাপতি। তার ভাইবাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুবেল মাহমুদ রতন।
কুচিয়ামোড়া ক্যাম্পের ইনচার্জ মো. আব্দুস সালাম জানান, ১৫ আগস্ট উপলক্ষে পবন ও তার ভাই রতনের নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা খিচুড়ি রান্না করছিলেন এবং সেখানে সংগঠিত হচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুই ভাইকে আটক করে। পরে তাদের ভেড়ামারা থানায় নেওয়া হয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ জাহেদুর রহমান বলেন, “তারা দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় নেতা ছিলেন। তাদের নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের সংগঠিত হওয়ার খবর পাওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের আটক করা হয়েছে।”