প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১১:৪৭ এএম
ঝিনাইদহে উদ্ধারকৃত ওয়ান শুটার গান ও ককটেল। ছবি: ভিডিও থেকে
ঝিনাইদহে ওয়ান শুটার গান ও ককটেলসহ ওমর ফারুক নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শহরের খাজুরা এলাকা থেকে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।
স্থানীয় কয়েকজনের দাবি, খাজুরা জোয়ার্দারপাড়ায় নদীর তীরে কয়েকজনকে মাদক কেনাবেচা করতে দেখে তারা ধাওয়া দেন। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ওমর ফারুককে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, ওমর ফারুকের বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান, একটি সাইলেন্সার ও চারটি ককটেল উদ্ধার করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্থানীয়রা তাকে (ওমর ফারুক) পুলিশের হাতে তুলে দেয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটার গান, একটি সাইলেন্সার ও চারটি ককটেল উদ্ধার করা হয়েছে।”