চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ২২:২৯ পিএম
রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে র্যালি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম নগরীতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে দেশের বৃহৎ আধ্যাত্মিক সংগঠন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট।
নগরীর ঐতিহাসিক জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে শুক্রবার বাদ-আসর র্যালিটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামালখানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে শেষ হয়।
র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু)।
তিনি বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ ঈদে মিলাদুন্নবী (সা.)-এর জুলুস হিসেবে চট্টগ্রামের এই আয়োজনের বিশেষ পরিচিতি রয়েছে। জুলুসে মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও দরুদ-সালামের মাধ্যমে তাঁর জীবনাদর্শ অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করা হয়। তিনি জশনে জুলুসকে রাষ্ট্রীয় মর্যাদায় পালন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
আনজুমান সদস্য মোহাম্মদ সাদেক হোসেন পাপ্পুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এস. এম গিয়াস উদ্দীন (সাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর) আরও অনেকেই।