বিষক্রিয়ায় নিহত বেড়ে ৯
তারাচরন টিপু, চট্টগ্রাম ও আশরাফ উদ্দিন, সীতাকুণ্ড
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ২২:১৭ পিএম
নিহতদের পরিবারের আজাহারি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজের ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার সকালে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং শিপইয়ার্ডে হাউস কিপিংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেনÑ সানি দাস (২২), পলাশ দাস (২৭), মনসুর আলী (৪০), নাসির উদ্দিন (৩৮), মো. খোকন (২৫), হাবিবুর রহমান (৫০), মো. রানা (২৭), আবদুল আলীম ও মতিউর রহমান।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে ইয়ার্ডের ভেতর থেকে হঠাৎ চিৎকারের শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে সেখানে গিয়ে কয়েকজন শ্রমিককে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কয়েকজনকে মৃত ঘোষণা করেন। পরে আহতদের মধ্যে কয়েকজন মারা যান। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও নিহতদের স্বজনরা ইয়ার্ড কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ করেছেন।
চমেক হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ইশতিয়াক রহমান জানান, ওই কারখানা থেকে দুই দফায় সাতজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে ছয়জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। তাদের লাশ মর্গে রাখা হয়েছে। একজন চিকিৎসাধীন।
স্থানীয় বাসিন্দা শাহাজাহান বলেন, শুক্রবার ইয়ার্ড বন্ধ থাকার কথা থাকলেও শ্রমিকদের দিয়ে সেখানে কাজ করানো হচ্ছিল। কাজের সময় সেফটি টিমের সদস্যরাও উপস্থিত ছিলেন না বলে অভিযোগ করেন তিনি।
ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ বলেন, গতকাল বন্ধের দিন আমাদের শিপ কাটিং ছিল না। গ্যাস লিকেজের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। গ্যাস লিকেজ দেখতে পেয়ে শিফট ইনচার্জসহ তিনজন অফিসার এগিয়ে গেলে তারা অসুস্থ হয়ে যান। তাদের দেখে আরও চারজন এগিয়ে গেলে তারাও অজ্ঞান হয়ে পড়েন।
তবে নিহতদের একজন মনছুরের স্ত্রীর ভাই মহিউদ্দিন বলেন, জাহাজের ভেতরে জমে থাকা তরল বর্জ্য বা গ্যাসের উপস্থিতি পরীক্ষা না করেই শ্রমিকদের সেখানে প্রবেশের সুযোগ দেওয়া হয়। মালিকপক্ষের গাফিলতির কারণে তার বোনের স্বামী ও তার ভাই নাছির মারা গেছেন বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক তৌহিদ ইসলাম ভূঁইয়া বলেন, জাহাজের একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমনের বিষয়টি পরীক্ষা করতে গেলে বিস্ফোরণ ঘটে। জাহাজ কাটার আগে সেটিকে সম্পূর্ণ গ্যাস ও তেলমুক্ত করে নিরাপদ করার নিয়ম রয়েছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, এই জাহাজের ক্ষেত্রে যথাযথভাবে গ্যাস ও তেলমুক্ত করা হয়নি।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ মাহবুবুল হাসান বলেন, জাহাজে বিষাক্ত গ্যাস নির্গমনে ১০ জন শ্রমিক আহত হওয়ার খবর পেয়েছি। সকালে এ ঘটনা ঘটে। কীভাবে এ ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানতে পারিনি। গ্যাস নির্গমনের কারণ এবং ইয়ার্ডে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, তা পরিদর্শনের পর জানাতে পারব।
এদিকে, খবর পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে তিনি নিহতদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। ঘটনাটিকে ‘খুবই মর্মান্তিক দুর্ঘটনা’ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে। সরকারের পক্ষ থেকেও সহায়তা দেওয়া হবে। ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি টিম গেছে এবং তারা গ্যাস নির্গমন বন্ধের চেষ্টা করছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, কারও অবহেলা বা দায়িত্বে গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।