মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স
মুরাদনগর (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ২১:৫২ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৬ ২১:৫৩ পিএম
কুমিল্লার মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের ম্যাডাম-স্যার বলতে হাসপাতালের জরুরি বিভাগের সামনের দরজায়ও টানানো হয়েছে লিখিত নির্দেশনা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুমিল্লার মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের ডাকতে হবে ম্যাডাম ও স্যার। ডাক্তারদের ‘ম্যাডাম-স্যার’ সম্বোধনের বিষয়ে শুধু মৌখিক সতর্কতাই নয়, হাসপাতালের জরুরি বিভাগের সামনের দরজায়ও টানানো হয়েছে লিখিত নির্দেশনা।
সেখানে বলা হয়েছে, কোনো মহিলা ডাক্তারকে ম্যাডাম-স্যার ছাড়া অন্য কিছু ডাকবেন না। অভিযোগ উঠেছে, ম্যাডাম-স্যার সম্বোধন না করলে রোগীদের ভোগান্তিতে পড়তে হয়। এসব নিয়ে রোগী ও স্বজনদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ।
স্থানীয় কয়েকজন রোগী ও স্বজন জানান, আঞ্চলিক ভাষা ও প্রচলিত সামাজিক রীতি অনুযায়ী তারা চিকিৎসকদের ভাই-আপা বলে সম্বোধন করেন। এতে চিকিৎসকদের অসম্মান করার কোনো উদ্দেশ্য থাকে না। তারা অভিযোগ করে বলেন, ডাক্তারদের ভাই বা আপা বলে সম্বোধন করলে অনেক সময় তারা অসন্তুষ্ট হন। ফলে চিকিৎসা নিতে এসে ভোগান্তিতে পড়তে হয় রোগীদের।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা জুলেখা বেগম বলেন, আমরা গ্রামের মানুষ। মহিলাদের আপা আর পুরুষদের ভাই বলেই অভ্যস্ত। এখানে ডাক্তারদের ভাই কিংবা আপা বললে তারা রেগে যান। এতে চিকিৎসা নিতে ভোগান্তি পোহাতে হয়।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নিম্ন শ্রেণির কর্মকর্তা বলেন, আমিও একবার একজন নারী ডাক্তারকে আপা বলে সম্বোধন করেছিলাম। এতে তিনি রেগে যান। পরবর্তী সময়ে ম্যাডাম অথবা স্যার বলে ডাকতে বলেন।
এদিকে জরুরি বিভাগের সামনে স্যার বা ম্যাডাম ছাড়া অন্য কোনো সম্বোধন না করার নির্দেশনা টানানোয় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। রোগী ও স্বজনদের মতে, চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে পারস্পরিক সম্মান ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করাই বেশি গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (টিএইচও) ডা. আবুল কালাম আজাদ বলেন, রোগীদের ডাক্তারদের স্যার-ম্যাডাম বলতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। জরুরি বিভাগের দরজায় টানানো নির্দেশনাটির বিষয়টি তার নজরে এসেছে। দ্রুত সময়ের মধ্যেই সেটি অপসারণ করা হবে।