প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ২১:৪৮ পিএম
প্রতীকী ছবি
বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর-পুত্রবধূ, ছাত্রদল নেতা ও শ্রমিক মারা গেছেন। তিন জেলায় গত বৃহস্পতিবার ও শুক্রবার চারজনের মৃত্যুর ঘটনা ঘটে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
চারঘাট (রাজশাহী) : রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে শমসের আলী (৬০) ও তার পুত্রবধূ তানিয়া বেগম (২৫) নামে একই পরিবারের দুজন মারা গেছেন। শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার অনুপামপুর কলোনিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিয়া বেগম ওই গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী। তার শ্বশুর শমসের আলী একই গ্রামের মৃত রেকাত আলীর ছেলে। চারঘাট মডেল থানার ওসি মাহবুবুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের দুজন মারা গেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সদরপুর (ফরিদপুর) : ফরিদপুরের সদরপুরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে সজিব শেখ (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রুবেল শেখ নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে সদর ইউনিয়নের কালিখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব শেখ ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবিল মুন্সীর ডাঙ্গী গ্রামের ওসমান শেখের ছেলে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদরপুর থানার এসআই মেহেদী হাসান। তিনি বলেন, ‘লাশের সুরতহাল প্রস্তুতের কাজ চলছে। সুরতহাল শেষে লাশ থানায় নেওয়া হবে। পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ভৈরব (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের কুলিয়ারচরে চার্জ থেকে আইপিএস ব্যাটারির তার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন ছাত্রদল নেতা শাহিদ সরকার। বৃহস্পতিবার রাতে ছয়সূতী ইউনিয়নের মাটিকাটা এলাকায় নিহতের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত শাহিদ সরকার ওই এলাকার বড়বাড়ির রতন সরকারের ছেলে। সে ছয়সূতি ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দিন বলেন, আপনার মাধ্যমে যুবকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ নেওয়া হবে।