মনিরামপুর (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ২১:৩৪ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৬ ২২:০৬ পিএম
যশোরের মনিরামপুরে চাকলা ফাজিল মাদ্রাসা। ছবি: সংগৃহীত
যশোরের মনিরামপুরে চাকলা ফাজিল মাদ্রাসায় চতুর্থ শ্রেণির তিন কর্মচারী নিয়োগের আগেই ভাগবাটোয়ারার অভিযোগ উঠেছে। মাদ্রাসার সভাপতি জামায়াত নেতার নেতৃত্বে তিনটি পদ কমিটির মধ্যে ভাগবাটোয়ারা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
অফিস সহায়ক পদে সভাপতির ভাইপো, আয়া পদে দাতা সদস্যের স্ত্রী এবং পরিচ্ছন্নতাকর্মী পদে অধ্যক্ষের কাছের লোককে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর মাদ্রাসার অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।
জানা যায়, উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের চাকলা ফাজিল মাদ্রাসায় চতুর্থ শ্রেণির তিনটি পদে কর্মচারী নিয়োগের জন্য গত মাসে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রার্থীদের আবেদন জমার শেষ তারিখ ছিল গত ৭ জুলাই অফিস চলাকালীন। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুল্লাহ জানান, অফিস সহায়ক পদে নয়জন, আয়া পদে পাঁচজন এবং পরিচ্ছন্নতাকর্মী পদে পাঁচজন প্রার্থী আবেদন করেন। গত ২৩ জুলাই বিকালে গভর্নিং বডির সভাপতি নয় নম্বর ওয়ার্ডের জামায়াতের সহযোগী সংগঠন ওলামা বিভাগের সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ, সহসভাপতি কামরুজ্জামান, দাতা সদস্য সিরাজুল ইসলামসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। কিন্তু অভিযোগ রয়েছেÑ ওই সভায় তিনটি পদের নিয়োগ কমিটির মধ্যে ভাগবাটোয়ারা করা হয়।
কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, সভাপতি সোহরাব হোসেন অফিস সহায়ক পদে তার ভাইপো মাসুম বিল্লাহ, আয়া পদে দাতা সদস্য সিরাজুল ইসলামের স্ত্রী মোমেনা খাতুন এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগ দেবেন এলাকার মৃত নূর মোহাম্মদ সরদারের স্বামী পরিত্যক্তা মেয়ে হিরা খাতুনকে।
এদিকে তিনটি পদে ভাগবাটোয়ারা করা প্রার্থীদের চুড়ান্ত নিয়োগ দিতে গত ৫ আগস্ট ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ বোর্ড গঠনের জন্য অনুমতি চেয়ে মাদ্রাসা বোর্ডে আবেদন করেন। আর এ বিষয়টি জানাজানি হলে অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।
স্থানীয় মোলাম গাজী, তৌহিদুর রহমানসহ অনেকেই অভিযোগ করে বলেন, নিয়োগের আগেই মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি, অধ্যক্ষসহ কতিপয় সদস্য তিনটি পদের নিয়োগ ভাগবাটোয়ারা করে নিয়েছেন। তাদের প্রশ্নÑ তাহলে লোক দেখানো ১৯ প্রার্থীর কাছ থেকে পোস্টাল অর্ডারসহ আবেদনপত্র কেন নিলেন। আবার জিসান হোসেন মুন্না নামে এক যুবক অভিযোগ করে বলেন, আমি অফিস সহায়ক পদে আবেদনপত্র ৭ জুলাই দুপুরে মাদ্রাসায় জমা দিতে গেলে অধ্যক্ষ তা গ্রহণ না করে সভাপতির কাছে পাঠান। আবার সভাপতির কাছে গেলে তিনি গ্রহণ না করে ফিরিয়ে দেন। তবে দাতা সদস্য সিরাজুল ইসলাম তার স্ত্রী মোমেনা খাতুনকে আয়া পদে চাকরি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে বলেন, ভাই ক্ষতি করবেন না।
অন্যদিকে পরিচ্ছন্নতাকর্মী পদে হিরা খাতুনকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত অস্বীকার করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ জানান, নিয়োগ বোর্ডের অনুমতি চেয়ে ইতোমধ্যে মাদ্রাসা বোর্ডে চিঠি পাঠানো হয়েছে। তবে গভর্নিং বডির সভাপতি কেশবপুর উপজেলার পাঁচবাড়িয়া দাখিল মাদ্রাসার সহসুপার জামায়াত নেতা (ওলামা বিভাগ) সোহরাব হোসেন নিয়োগ বোর্ডের জন্য বোর্ডে অনুমতিপত্র পাঠানো সম্পর্কে কিছুই জানেন না উল্লেখ করে জানান, তার ভাইপোকে চাকরি দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি সত্য নয়। তবে তিনি আরও বলেন, এলাকার বর্তমান পরিস্থিতিতে নিয়োগ কার্যক্রম আদৌ না হওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোজাফ্ফর হোসেন জানান, নিয়োগের আগেই পদ ভাগবাটোয়ারা, এটা দুঃখজনক। কোনো অবস্থায়ই এটা মেনে নেওয়া হবে না। উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।