বগুড়া অফিস
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ২১:২৫ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৬ ২১:২৬ পিএম
বগুড়ার শাহ ফতেহ আলী সেতুর নিচের অংশ পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ও বগুড়া সিটি করপোরেশন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বগুড়ার শাহ ফতেহ আলী সেতুর নিচের অংশ পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ও বগুড়া সিটি করপোরেশন।
শুক্রবার সকাল ১০টায় সেতুর নিচে শুরু হওয়া এ পরিচ্ছন্নতা অভিযানে শতাধিক স্বেচ্ছাসেবীর পাশাপাশি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা অংশ নেন। কয়েক ঘণ্টার অভিযানে সেতুর নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পরে স্থানটি পরিচ্ছন্ন ঘোষণা করেন আয়োজকরা।
অভিযানের শুরুতে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, শহরের সৌন্দর্য রক্ষা এবং যত্রতত্র ছড়িয়ে থাকা আবর্জনা দূর করতে বিডি ক্লিনের সহযোগিতায় নিয়মিত ও সাপ্তাহিক ভিত্তিতে এ ধরনের কার্যক্রম চালানো হবে।
তিনি আরও বলেন, শাহ ফতেহ আলী সেতুর নিচের অংশ যেন আবারও ময়লা-আবর্জনায় ভরে না যায়, সে বিষয়ে নজর রাখা হবে।
অভিযানে বগুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, বিডি ক্লিন রাজশাহী বিভাগের আঞ্চলিক সমন্বয়ক কে এম মাহবুব আলম জিয়ন এবং বিডি ক্লিন বগুড়ার উপদেষ্টা সাজেদুর রহমান সাজু উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে বগুড়া যুব রেড ক্রিসেন্টের একটি দল পরিচ্ছন্নতা কর্মী ও স্বেচ্ছাসেবীদের জরুরি স্বাস্থ্যসেবার দায়িত্ব পালন করেন।
স্থানীয় সচেতন নাগরিক ও যুবসমাজ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ঐতিহাসিক শাহ ফতেহ আলী সেতু ও এর আশপাশের পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম নিয়মিত চালু রাখা প্রয়োজন। পরিবেশের ভারসাম্য ও শহরের সৌন্দর্য রক্ষায় ভবিষ্যতেও পরিচ্ছন্নতার এ ধারা অব্যাহত রাখার দাবি জানান তারা।