আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ২১:২১ পিএম
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও কৃষকদল নেতার মধ্যে সংঘর্ঘে ৩ জন আহত হয়েছে। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ।
শুক্রবার সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে মাহমুদপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব বেলায়েত ও ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাজাহান শিকারীর মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকাল সাড়ে ১১টার দিকে মাহমুদপুর ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাজাহান শিকারীসহ একদল লোক দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মাহমুদপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব বেলায়েত হোসেন এর বাড়িতে হামলা চালায়। তারা বাড়িতে বেলায়েত হোসেনকে পেয়ে অস্ত্রধারীরা পিটিয়ে ও কুপিয়ে আহত করে ও ঘরের মালামাল ভাঙচুর করতে থাকে। সে সময় বেলায়েতের স্ত্রী রহিমা বেগম, চাচাতো ভাই সফু বাধা দিতে গেলে অস্ত্রধারীরা তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে আহত এবং লুটপাট করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অপরদিকে মাহমুদপুর ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাজাহান শিকারী জানান, গত বুধবার রাতে কৃষকদল নেতা বেলায়েত তার বাড়িতে হামলা চালিয়ে তাকে মারধর করে আহত ও বাড়িঘর লুটপাট করেছে। সে ঘটনায় তিনি আড়াইহাজার থানায় মামলাও করেছেন।
এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানান, এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।