আঞ্চলিক প্রতিবেদক, পটুয়াখালী
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ২০:১৯ পিএম
বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি আতিকুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পটুয়াখালীর বাউফলে গভীর রাতে এক গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় আতিকুল ইসলাম নামে যুব জামায়াত নেতাকে আটক করার অভিযোগ ওঠেছে। গত বুধবার (১২ আগস্ট) রাতে উপজেলার পূর্ব ইন্দ্রকূল গ্রামে এ ঘটনা ঘটে। তবে আতিকুলের দাবি, ষড়যন্ত্র করে তার নামে মিথ্যা অভিযোগ রটানো হয়েছে।
আতিকুল ইসলাম উপজেলার সূর্যমণি ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি। তিনি ওই গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানায়, প্রতিবেশী ওই গৃহবধূর স্বামী বুধবার তার শ্বশুরবাড়িতে যান। গভীর রাতে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন যুব জামায়াত নেতা আতিক। এ সময় গৃহবধূর শ্বশুর বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেলে আশপাশের লোকজন এসে তাদের আটক করেন। খবর পেয়ে আতিকের স্বজনরা ঘটনাস্থলে এসে চড়-থাপ্পড় মেরে তাকে নিয়ে যান।
গৃহবধূর শ্বশুর আমির হোসেন হাওলাদার বলেন, জামায়াত নেতা আতিক কিছুদিন আগে আমার পুত্রবধূর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। বুধবার রাতে আমার চিৎকার শুনে পুত্রবধূর ঘর থেকে বের হয়ে কাঁপতে থাকেন আতিক। এরপর লুঙ্গি পরিবর্তন করে দ্রুত প্যান্ট পরেন। পরে প্রতিবেশীরা এসে তাদের আটক করেন।
সূর্যমণি ইউনিয়নের গ্রাম পুলিশ ইউসুফ হাওলাদার বলেন, আতিকের দলের পদ না জানলেও তিনি জামায়াত করেন এটা নিশ্চিত। সে রাতে তাকে আপত্তিকর অবস্থায় আটক করে গ্রামবাসী।
এ বিষয়ে অভিযুক্ত আতিকুল ইসলাম বলেন, এসব মিথ্যা। গৃহবধুর স্বামী ভোটার এলাকা পরিবর্তন করার জন্য আবেদন করায় ওই আবেদন ফরমে স্বাক্ষার নিতে তার বাড়িতে গিয়েছিলাম। ঘরে প্রবেশের পর গৃহবধূর শ্বশুর দরজা বন্ধ করে লোকজন জড়ো করে আমার নামে মিথ্যা অভিযোগ রটায়।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।