উন্নত চিকিৎসার জন্য রেবেকাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরগুনার আমতলীতে একটি মামলার বাদী কামাল হাওলাদারের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ায় রেবেকা বেগম (৪৮) নামে এক নারীকে চাপাতি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
আহত রেবেকাকে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেফার করেন।
উপজেলার শাখারিয়া গ্রামে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় কয়েকজন ও রেবেকার পরিবারেরে সদস্যরা জানান, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি স্ত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ এনে কামাল হাওলাদার বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নিজাম সিকদার ও হালিম মিস্ত্রির বিরুদ্ধে মামলা করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে আমতলী থানার অফিসার ইনচার্জকে (ওসি) এজাহার হিসেবে গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে গত ২৩ ফেব্রুয়ারি আমতলী থানায় মামলাটি এজাহারভুক্ত করা হয়।
মামলাটি তদন্ত করতে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় কয়েকজনের মতো রেবেকা বেগমেরও সাক্ষ্য নেয় পুলিশ। ওই সময় মামলার বাদী কামাল হাওলাদারের বিরুদ্ধে সাক্ষ্য দেন রেবেকা। এতে ক্ষুব্ধ হন কামাল হাওলাদার।
আহত রেবেকার অভিযোগ, শুক্রবার দুপুরে কামাল হাওলাদারের বাড়ির পাশে একটি টেইলার্সের দোকানে পোশাক আনতে গেলে কামাল হাওলাদারের স্ত্রী রেক্সেনার সঙ্গে তার কথা কাটাকাটি ও চুলাচুলির ঘটনা ঘটে।
একপর্যায়ে কামাল হাওলাদার ধারালো অস্ত্র দিয়ে তাকে (রেবেকা) কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। এতে তার মাথা ও কপালে গুরুতর জখম হয় বলেও অভিযোগ করেন তিনি।
প্রত্যক্ষদর্শী কুলসুম বলেন, তার কাছে পোশাক নিতে আসলে রেবেকাকে গালাগাল শুরু করেন কামাল হাওলাদারের স্ত্রী রেক্সেনা।
পরে কামাল হাওলাদার চাপাতি দিয়ে রেবেকাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করেন বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে রেবেকা বেগম আরও জানান, ওই মামলায় পুলিশ তদন্তে এলে তিনি সত্য সাক্ষ্য দিয়েছেন।
এ কারণে কামাল হাওলাদার ও তার স্ত্রী রেক্সেনা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছেন বলেও দাবি করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু বিচারও দাবি করেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত কামাল হাওলাদার মোবাইল ফোনে বিষয়টি স্বীকার করে বলেন, “কথা কাটাকাটির একপর্যায়ে চাপাতি দিয়ে কয়েকটি আঘাত করেছি।”
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মহুয়া বলেন, আহত রেবেকাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি ইয়াকুব হোসাইন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।