রাজশাহী অফিস
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ১৯:৪১ পিএম
রাজশাহী নগরীর ১৬ নম্বর ওয়ার্ডে মাদকের বিস্তার রোধ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজশাহী নগরীর ১৬ নম্বর ওয়ার্ডে মাদকের বিস্তার রোধ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী। শুক্রবার জুমার পর ‘বখতিয়ারাবাদ যুব সমাজ’-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
শুক্রবার জুমার পর বখতিয়ারাবাদ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বয়োজ্যেষ্ঠ ও যুবকরা একত্রিত হয়ে একটি মাদকবিরোধী র্যালি বের করেন। বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিয়ে র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির সামনে গিয়ে অবস্থান নেয়।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদকের বিস্তার দিন দিন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাচ্ছে। বিশেষ করে স্কুলগামী শিশু-কিশোর ও উঠতি বয়সের তরুণরা সহজেই মাদকে আসক্ত হয়ে পড়ছে। এতে তাদের স্বাভাবিক জীবনযাপন ও শিক্ষাজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এ সময় বিক্ষোভকারীরা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, পুরো পরিবার ও সমাজের ধ্বংস ডেকে আনছে। মাদকের সহজলভ্যতা বন্ধ করা এবং কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।
এ সময় বিক্ষোভকারীরা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ মাদক কারবারিদের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এদিকে বিক্ষোভ চলাকালে বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করে জানান, এলাকায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।