× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিন্ন এক আয়নাবাজি

রমজান আলীর বদলে মৃত্যুদণ্ডের কারাভোগ, সেই সোনা মিয়া মুক্ত

কক্সবাজার অফিস

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ১৯:৩২ পিএম

অপরাধ না করেও মাদক মামলায় অন্যের পরিচয়ের কারণে মৃত্যুদণ্ডের আসামি হয়ে ১ মাস ২১ দিন কারাভোগ শেষে শুক্রবার সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্ত হন সোনা মিয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অপরাধ না করেও মাদক মামলায় অন্যের পরিচয়ের কারণে মৃত্যুদণ্ডের আসামি হয়ে ১ মাস ২১ দিন কারাভোগ শেষে শুক্রবার সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্ত হন সোনা মিয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অপরাধ না করেও মাদক মামলায় অন্যের পরিচয়ের কারণে মৃত্যুদণ্ডের আসামি হয়ে ১ মাস ২১ দিন কারাগারে ছিলেন কক্সবাজার শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত নজির আহমদের ছেলে সোনা মিয়া। আদালতের চার শর্তে শুক্রবার সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন কারাগারের জেলা সুপার মো. ওবায়াদুর রহমান।

কারাগার থেকে বের হয়ে সোনা মিয়া বলেন, তার ‘দ্বিতীয় জন্ম’ হয়েছে। তিনি বলেন, রোহিঙ্গাদের বিশ্বাস ও বন্ধুত্ব করা মহাপাপের। এই পাপ যেন কেউ না করেন।

সোনা মিয়া জানান, গত ২৩ জুন র‌্যাব-১৫-এর অভিযানে গ্রেপ্তারের পর তিনি জানতেন না কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। কারাগারে যাওয়ার পর জানতে পারেন, ইয়াবা উদ্ধারের একটি মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং ওই মামলার আসামি হিসেবে তার নাম রয়েছে। বিষয়টি জানার পর তিনি রহস্য বুঝতে পারেন। পরে জেলা সুপারের কাছে নিজের পরিচয় ও মামলায় তার সম্পৃক্ততা না থাকার বিষয়টি জানিয়ে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি মুক্তি পান। মুক্তির পর তিনি আইনজীবী, পুলিশ, গণমাধ্যমকর্মী ও জেলা সুপারের প্রতি কৃতজ্ঞতা জানান।

ঘটনার সূত্রপাত ২০২০ সালের ২ মার্চ। ওই দিন কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। ওই মামলার এজাহারে ২ নম্বর আসামির নাম দেওয়া হয় সোনা মিয়া। বাবার নাম লেখা হয় নজির আহমদ। বর্তমান ঠিকানা দেওয়া হয় কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়াপাড়া এবং স্থায়ী ঠিকানা রামু উপজেলার গর্জনিয়া।

এজাহারে উল্লেখ করা হয়, অভিযানের সময় ওই ব্যক্তির কাছে পাওয়া একটি জন্মনিবন্ধনের ফটোকপির সূত্র ধরে সোনা মিয়ার নাম ব্যবহার করা হয়। 

আদালত থেকে পাওয়া নথিপত্র অনুযায়ী, মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন ডিবি পুলিশের ইন্সপেক্টর মানস বড়ুয়া ২০২০ সালের সেপ্টেম্বরে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে বলা হয়, ২ নম্বর আসামির নাম-ঠিকানা যাচাইয়ের জন্য কক্সবাজার সদর ও রামু থানা পুলিশ অনুসন্ধান করে। অনুসন্ধানে ‘সোনা মিয়া’র দেওয়া নাম-ঠিকানা সঠিক পাওয়া যায়নি। তাকে জেলহাজতে রেখে পরবর্তী বিচার কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়। 

তবে নথি অনুযায়ী, ২০২২ সালের ১৩ জুন ‘সোনা মিয়া’ কক্সবাজার জেলা জজ আদালত থেকে জামিন পান। জামিনে বের হওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান। এরপর দীর্ঘ সময় পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আদালত ওই মামলায় ‘সোনা মিয়াসহ’ পাঁচ আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। রায়ের পর ২৩ জুন র‌্যাব-১৫-এর একজন সিনিয়র ওয়ারেন্ট অফিসারের ওয়ারেন্টমূলে ‘সোনা মিয়া’কে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়।

কারাগারে যাওয়ার ২-৩ দিন পর ‘সোনা মিয়া’ জেল সুপারের কাছে আবেদন করে জানান, তিনি ওই মামলার আসামি নন। পরে জেল সুপার বিষয়টি জেলা জজ, কক্সবাজারের কাছে পাঠান। আদালত বিষয়টি যাচাই করে প্রতিবেদন দাখিলের জন্য কক্সবাজার সদর থানা পুলিশকে নির্দেশ দেন।

গত ২ জুলাই পুলিশ আদালতে এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে ইয়াবাসহ গ্রেপ্তার ও পরে জামিন পাওয়া সোনা মিয়া এবং মামলার রায় ঘোষণার পর র‌্যাবের অভিযানে গ্রেপ্তার সোনা মিয়া একই ব্যক্তি নন। ২০২০ সালে গ্রেপ্তার হওয়া ব্যক্তির প্রকৃত নাম রমজান।

পুলিশের প্রতিবেদনে বলা হয়, বর্তমানে গ্রেপ্তার থাকা সোনা মিয়াকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ২০২০ সালে গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে ২ নম্বর আসামির প্রকৃত নাম ছিল রমজান। তিনি পুলিশের কাছে নিজেকে ‘সোনা মিয়া’ হিসেবে পরিচয় দেন এবং পরে পুলিশকে একটি জন্মনিবন্ধন কার্ড দেখান।

প্রতিবেদনে আরও বলা হয়, রমজান ও সোনা মিয়া একই সময়ে রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। পরে তারা ক্যাম্প থেকে পালিয়ে কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়ায় দীর্ঘদিন একই ঘরে অবস্থান করেন। কোনো এক কারণে সোনা মিয়ার জন্মনিবন্ধনটি রমজান নিজের কাছে রাখতেন।

কারাগার সূত্রে জানা গেছে, ২০২০ সালে গ্রেপ্তারের পর কারাগারে সংরক্ষিত ছবি এবং ২৩ জুন গ্রেপ্তারের পর নেওয়া ছবির মধ্যেও পার্থক্য রয়েছে। একইভাবে দুই ব্যক্তির শারীরিক বর্ণনাতেও পার্থক্য পাওয়া যায়। 

২০২০ সালে গ্রেপ্তার হওয়া ব্যক্তির বাবার নাম মৃত নজির আহমদ, মায়ের নাম সোনারা বেগম এবং স্ত্রীর নাম আয়েশা। তার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, ওজন ৫০ কেজি। গায়ের রং শ্যামলা। শনাক্তকরণের চিহ্ন হিসেবে বাম গালে ক্ষত, ডান গালে ক্ষত এবং ডান বাহুতে ক্ষত থাকার কথা উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, ২৩ জুন গ্রেপ্তার সোনা মিয়ার বাবার নামও মৃত নজির আহমদ। তবে তার মায়ের নাম মাহমুদা খাতুন এবং স্ত্রীর নাম জান্নাতুল ফেরদৌস। তার উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪২ কেজি এবং গায়ের রং শ্যামলা। শনাক্তকরণের চিহ্ন হিসেবে ডান বাহুতে তিল, পেটের বাঁ পাশে তিল এবং পিঠের মাঝখানে তিল থাকার কথা উল্লেখ করা হয়েছে। পুলিশের প্রতিবেদন আদালতে দাখিলের পর ১২ আগস্ট সোনা মিয়াকে মুক্তির সিদ্ধান্ত দেন আদালত।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আব্দুল মান্নান জানান, কারাগারে থাকা সোনা মিয়াকে চারটি শর্তে মুক্তি দেওয়া হয়েছে। শর্তগুলো হলোÑকারাগারে থাকা সোনা মিয়ার আইডি কার্ড জমা দেওয়া, প্রতি সপ্তাহে থানায় হাজিরা দেওয়া, কোনোভাবে দেশ ত্যাগ না করা এবং প্রতি তিন মাস পরপর আদালতে হাজির হওয়া। একই সঙ্গে এ ঘটনায় মূল আসামিকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা