সাইফুর রহমান, জকিগঞ্জ (সিলেট)
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ১৭:৩৮ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৬ ১৮:২৫ পিএম
পল্লী বিদ্যুতের লাইন। ছবি: বিবিসি বাংলা
ময়মনসিংহের হালুয়াঘাটে পল্লী বিদ্যুতের বিলের কাগজে অভিযোগ নম্বরের স্থলে সিলেটের জকিগঞ্জের যুবক হাছানের ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যবহারের অভিযোগ উঠেছে।
হাছানের দাবি, প্রায় দুই বছর ধরে তার মোবাইল নম্বর ব্যবহার করা হচ্ছে। এতে বিল-সংক্রান্ত বিভিন্ন সমস্যায় গ্রাহকরা তার নম্বরে ফোন করে অযথা হয়রানি ও গালিগালাজ করছেন।
বিষয়টি জানতে ওই উপজেলার পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে ভুল হয়েছে বলে স্বীকার করে নম্বরটি পরিবর্তনের আশ্বাস দেন বলেও দাবি হাসানের।
তবে এর পরপরই তিনি (হাছান) যে নম্বর থেকে যোগাযোগ করেছিলেন সেই নম্বর ব্লক করে দেন ওই ব্যক্তি। এতে ওই ব্যক্তির সঙ্গে পরবর্তীতে যোগাযোগ ব্যাহত হয়। ফলে দুই বছর পেরিয়ে গেলেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ হাছানের।
এ ঘটনায় তার কাছে একাধিক ফোনকলের রেকর্ড রয়েছে বলেও ওই পল্লী বিদ্যুৎ অফিসে জানিয়েছিলেন বলেও দাবি করেন হাসান।
ময়মনসিংহের হালুয়াঘাট থেকে সিলেটের জকিগঞ্জের দূরত্ব প্রায় কয়েক শ কিলোমিটার উল্লেখ করে হাসান প্রশ্ন তোলেন, এই দুই দূরবর্তী এলাকার মধ্যে কীভাবে এ ধরনের ‘মারাত্মক’ ভুল হলো।
তিনি জানান, এই ভুলের কারণে শুধু তিনিই ভুক্তভোগী নন, বরং হালুয়াঘাটের বিদ্যুৎ গ্রাহকরাও জরুরি প্রয়োজনে সঠিক নম্বরে যোগাযোগ করতে না পেরে বিদ্যুৎসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
এ বিষয়ে যদি কোনো সুরাহা না পান তাহলে তিনি এমন হয়রানির অভিযোগে থানায় জিডি করবেন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন হাছান।