× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শখের রঙিন মাছ চাষে লাখপতি

কাজল বরণ দাস, পটুয়াখালী

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ১৭:০২ পিএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৬ ১৭:০৫ পিএম

পটুয়াখালী শহরের তরুণ উদ্যোক্তা মেহেরাব ইমনের খামারের রঙিন মাছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালী শহরের তরুণ উদ্যোক্তা মেহেরাব ইমনের খামারের রঙিন মাছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শখের বশে রঙিন মাছ চাষ শুরু করেছিলেন পটুয়াখালী শহরের তরুণ উদ্যোক্তা মেহেরাব ইমন। প্রথম দিকে একের পর এক মাছ মারা গেলেও হাল ছাড়েননি তিনি। অনলাইন থেকে জ্ঞান নিয়ে নিজেই করেছেন নানা পরীক্ষা-নিরীক্ষা। সেই শখই এখন পরিণত হয়েছে সফল ব্যবসায়। বাড়ির আঙিনায় গড়ে তোলা খামারে রয়েছে হাজারো রঙিন মাছ। মাসে আয় করছেন লাখ টাকারও বেশি। ইমনের সাফল্যে অনুপ্রাণিত হচ্ছেন স্থানীয় অনেক তরুণ।

পটুয়াখালী পৌর শহরের কলাতলা এলাকায় বাড়ির আঙিনায় ইমন গড়ে তুলেছেন রঙিন মাছের এই ব্যতিক্রমী খামার। সারি সারি প্লাস্টিকের বোতল ও জারে খেলা করছে নানা রঙের বেটা, মলি, গাপ্পি, সোর্ডটেলসহ বিভিন্ন প্রজাতির মাছ। লাল, নীল, হলুদসহ নানা রঙের মাছের সমারোহে পুরো খামারজুড়েই যেন উৎসবের আমেজ।

ঢাকায় বোনের বাসায় গিয়ে বিভিন্ন রঙের বেটা মাছ দেখে ইমনের আগ্রহ তৈরি হয়। ২০২১ সালে পড়াশোনা শেষ করে বন্ধুদের কাছ থেকে টাকা ধার নিয়ে শখের বশে বেটা মাছ চাষ শুরু করেন তিনি। প্রথমে পাঁচ জোড়া মাছ কেনেন। পরের বছর পৈতৃক জমিতে বাণিজ্যিকভাবে খামার গড়ে তোলার শুরুতেই বড় ধাক্কা খান। পরিচর্যার অভিজ্ঞতা না থাকায় মারা যায় প্রায় সব মাছ। তবে ব্যর্থতায় দমে না গিয়ে অনলাইন থেকে বিভিন্ন তথ্য ও কৌশল শিখে নিজেই শুরু করেন পরীক্ষা-নিরীক্ষা।

মেহেরাব ইমন বলেন, ‘শুরুতে আসলে মাছ চাষ সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না। শখ থেকেই পাঁচ জোড়া মাছ কিনে কাজ শুরু করেছিলাম। কিন্তু প্রথম দিকে অনেক মাছ মারা যায়। তখন বুঝতে পারি, শুধু মাছ কিনে রাখলেই হবে না, পানি, খাবার, তাপমাত্রা, প্রজননসহ প্রতিটি বিষয় সম্পর্কে জানতে হবে। এরপর অনলাইনে বিভিন্ন ভিডিও ও তথ্য দেখে শিখতে শুরু করি। নিজে পরীক্ষা-নিরীক্ষা করেছি। ধীরে ধীরে মাছ মারা যাওয়ার হার কমে আসে এবং উৎপাদন বাড়তে থাকে।’

বর্তমানে ইমনের খামারের বোতল ও জারে রয়েছে হাজারো রঙিন মাছ। ফাইটার, মুন টেইল মলি, রোজ টেইল, ফেদার টেইল, গোল্ডফিশ, হাফ মুনসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছেন তিনি। ডিম থেকে মাছ বড় হয়ে বিক্রির উপযোগী হতে সময় লাগে প্রায় চার মাস।

প্রজাতি ও মানভেদে এক জোড়া মাছ ৫০০ থেকে এক হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি করেন ইমন। পাইকারিতে ১০০ মাছ বিক্রি হয় ১২ থেকে ১৩ হাজার টাকায়। খামারে উৎপাদন বাড়ানোর পাশাপাশি বিভিন্ন জাতের উন্নতমানের রঙিন মাছ উৎপাদনের দিকেও গুরুত্ব দিচ্ছেন তিনি।

মাছের খাবারের পেছনে মাসে খরচ হয় প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা। এর বড় একটি অংশ নিজেই উৎপাদন করেন ইমন।

পটুয়াখালী শহরে রঙিন মাছের খামারে তরুণ উদ্যোক্তা মেহেরাব ইমন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

এই তরুণ উদ্যোক্তা বলেন, ‘রঙিন মাছের সবচেয়ে বড় বিষয় হলো নিয়মিত পরিচর্যা। পানির মান ঠিক রাখতে হয়, সময়মতো খাবার দিতে হয় এবং প্রজননের সময় আলাদা ব্যবস্থা করতে হয়। এসব বিষয়ে এখন অনেক অভিজ্ঞতা হয়েছে। নিজেরাই মাছের খাবারের একটি বড় অংশ তৈরি করি। এতে খরচও কমে এবং মাছের জন্য প্রয়োজনীয় খাবার নিশ্চিত করা যায়।’

ইমনের খামারের মাছ এখন শুধু পটুয়াখালীতে সীমাবদ্ধ নেই। অনলাইনে দেশের বিভিন্ন জেলার ক্রেতাদের কাছে মাছ বিক্রি করছেন তিনি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বাগেরহাট, বগুড়া ও রাজশাহীর ক্রেতারা নিয়মিত মাছ কিনছেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে জীবন্ত রঙিন মাছ।

অনলাইনে বিক্রির কারণে পটুয়াখালীতে বসেই দেশের বড় বাজারে পৌঁছাতে পারছেন ইমন। তিনি বলেন, ‘অনলাইনে আসার কারণে ব্যবসাটা অনেক সহজ হয়েছে। আগে শুধু স্থানীয়ভাবে মাছ বিক্রি করার সুযোগ ছিল। এখন দেশের বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসে। ঢাকাসহ বিভিন্ন জেলার ক্রেতারা অনলাইনে মাছ পছন্দ করে অর্ডার করেন। পরে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই। তবে জীবন্ত মাছ পাঠাতে হলে প্যাকেজিং ও পরিবহনের বিষয়টি খুব সতর্কতার সঙ্গে করতে হয়।’

ইমনের খামারে রঙিন মাছ কিনতে আসছেন বিভিন্ন বয়সী মানুষ। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে এসব মাছের প্রতি রয়েছে ব্যাপক আগ্রহ। ১২ বছর বয়সী হাসানও ইমনের খামারের একজন ক্রেতা। সে বলে, ‘রঙিন মাছ আমার খুব ভালো লাগে। এখানে অনেক ধরনের ও অনেক রঙের মাছ আছে। দেখতে খুব সুন্দর। তাই মাছ কিনতে এখানে এসেছি। শুরুতে বাবা-মা সাপোর্ট করেনি। পরে যখন দেখেছে আমি মোবাইল রেখে মাছ নিয়ে পড়ে আছি, তখন থেকেই আমার রঙিন মাছ পালনের বিষয়টিকে তারা সমর্থন করতে শুরু করেছে।’

স্থানীয় ক্রেতা আসাদুজ্জামান মিলন বলেন, ‘আগে রঙিন মাছ পটুয়াখালীর বাইরে থেকে আনতে হতো। এখন শহরের মধ্যেই বিভিন্ন ধরনের মাছ পাওয়া যাচ্ছে। ইমনের উদ্যোগটা ভালো লেগেছে। মাছগুলোর মানও ভালো এবং অনেক ধরনের মাছ এখানে পাওয়া যায়। আমি ইমনকে দেখে এই রঙিন মাছ পালন শুরু করেছি।’

ইমনের প্রতিবেশী মনির গাজী বলেন, ‘রঙিন মাছ এখন অনেকেরই শখের বিষয় হয়ে উঠেছে। ইমনের খামারে বিভিন্ন জাতের মাছ পাওয়া যায়। স্থানীয়ভাবে এ ধরনের উদ্যোগ আরও বাড়লে মানুষের চাহিদা সহজেই পূরণ হবে। এভাবে রঙিন মাছ পালনের মাধ্যমে সমাজের বেকারত্ব সমস্যারও অনেকটা সমাধান হতে পারে।’

ইমনের বাবা মোফাজ্জল হোসেন ছেলের উদ্যোগের শুরুটা খুব কাছ থেকে দেখেছেন। তিনি বলেন, ‘প্রথম দিকে প্রায় সব মাছ মারা যাওয়ায় আমরা চিন্তিত ছিলাম। কিন্তু ইমন হাল ছাড়েনি। বারবার চেষ্টা করেছে, নতুন করে শিখেছে। এখন সে নিজের পায়ে দাঁড়িয়েছে। আমি এবং ইমনের মাও বর্তমানে এই রঙিন মাছ চাষের সঙ্গে যুক্ত হয়ে গেছি। বর্তমানে এখান থেকে যা আয় হয়, তাতে আমাদের সংসার ভালোভাবেই চলছে।’

ইমনের সাফল্য স্থানীয় তরুণদের মধ্যেও নতুন আগ্রহ তৈরি করেছে। চাকরির পেছনে না ছুটে অল্প জায়গা ও তুলনামূলক কম বিনিয়োগে রঙিন মাছ চাষ করে আয় করার সম্ভাবনা দেখছেন অনেকেই। তাদের মতে, রঙিন মাছ চাষকে শুধু শখ হিসেবে না দেখে বাণিজ্যিকভাবে নেওয়া গেলে এটি আত্মকর্মসংস্থানের একটি ভালো মাধ্যম হতে পারে। বিশেষ করে অনলাইনভিত্তিক বিক্রির সুযোগ থাকায় স্থানীয় বাজারের সীমাবদ্ধতাও অনেকটা কমে এসেছে।

ইমন বলেন, ‘তরুণদের আমি বলব, শুধু চাকরির পেছনে না ছুটে নিজের আগ্রহের জায়গা থেকে কিছু করার চেষ্টা করতে হবে। রঙিন মাছ চাষ খুব বড় জায়গা ছাড়াই শুরু করা যায়। তবে শুরু করার আগে ভালোভাবে শিখতে হবে। ধৈর্য রাখতে হবে। প্রথম দিকে সমস্যা আসবেই, কিন্তু চেষ্টা চালিয়ে গেলে সফল হওয়া সম্ভব।’

জেলা মৎস্য বিভাগও রঙিন মাছ চাষকে সম্ভাবনাময় খাত হিসেবে দেখছে। মৎস্য কর্মকর্তাদের মতে, অ্যাকুরিয়াম ও শৌখিন মাছের বাজার দিন দিন বাড়ছে। সঠিক প্রশিক্ষণ, প্রযুক্তিগত জ্ঞান ও বাজারজাতকরণের সুযোগ পেলে তরুণরা এ খাত থেকে ভালো আয় করতে পারবেন।

জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, ‘মেহেরাব ইমন মৎস্য অধিদপ্তরের নিবন্ধিত মৎস্য চাষি। তার এমন উদ্যোগ প্রশংসনীয়। বর্তমানে রঙিন মাছ চাষে তরুণদের আগ্রহ তৈরি হচ্ছে। এ ধরনের উদ্যোগ আত্মকর্মসংস্থান তৈরির পাশাপাশি দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখতে পারে। প্রশিক্ষণ ও প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা পেলে এ খাত আরও সম্প্রসারিত হওয়ার সুযোগ রয়েছে।’

বর্তমানে মাসে লাখ টাকারও বেশি আয় করছেন ইমন। তবে এখানেই থেমে থাকতে চান না তিনি। খামারের উৎপাদন বাড়ানোর পাশাপাশি আরও উন্নত ও আকর্ষণীয় জাতের রঙিন মাছ উৎপাদনের পরিকল্পনা রয়েছে তাঁর। দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে নিজের একটি ব্র্যান্ড তৈরির স্বপ্নও দেখছেন এই তরুণ উদ্যোক্তা।

পাঁচ জোড়া মাছ দিয়ে যে যাত্রা শুরু করেছিলেন মেহেরাব ইমন, কয়েক বছরের ব্যবধানে তা পরিণত হয়েছে একটি সফল বাণিজ্যিক উদ্যোগে। বাড়ির আঙিনার ছোট্ট খামার এখন তাঁর জীবিকার পাশাপাশি হয়ে উঠেছে অন্য তরুণদের জন্যও অনুপ্রেরণার জায়গা। শখ থেকে শুরু করা রঙিন মাছের এই উদ্যোগ শুধু ইমনের ভাগ্যই বদলায়নি, দেখিয়েছে স্বল্প জায়গা ও সীমিত পরিসর থেকেও গড়ে তোলা যায় সফল ব্যবসা। প্রয়োজনীয় প্রশিক্ষণ, পৃষ্ঠপোষকতা ও বাজার সুবিধা পেলে পটুয়াখালীতে রঙিন মাছ চাষ আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা