কড্ডা এলাকায় শুক্রবার ভোরে মোয়াজ্জেম হোসেনের লাশ ভেসে উঠলে পুলিশে এসে উদ্ধার করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরে তুরাগ নদে নৌকায় বসে ‘জুয়া খেলা’র সময় পুলিশ আতঙ্কে পানিতে ঝাঁপ দেওয়ার পর নিখোঁজ হওয়া এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মহানগরীর কড্ডা এলাকায় শুক্রবার সকালে তুরাগ নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মোয়াজ্জেম হোসেন (৪৫) গাজীপুর মহানগরীর খালিশাবর্তা এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, তুরাগ নদের কাউলতিয়া, কারখানা বাজার, কড্ডাসহ আশপাশের এলাকায় বেশ কিছুদিন ধরে একটি চক্র নৌকায় বসে জুয়া ও মাদকের আড্ডা চালিয়ে আসছে। পুলিশ বিভিন্ন সময় অভিযান চালালেও নদীতে অবস্থান করায় তাদের আটক করা সম্ভব হয়নি।
এই পরিস্থিতির মধ্যেই বুধবার রাতে মোয়াজ্জেম হোসেনসহ ৪-৫ জন তুরাগ নদে একটি ট্রলারে বসে ‘জুয়া খেলছিলেন’। এ সময় অপর একটি ট্রলার তাদের কাছে এলে পুলিশ ভেবে তারা নদে ঝাঁপ দেন। পরে তিনজন তীরে উঠতে পারলেও মোয়াজ্জেম নিখোঁজ হন বলেও জানায় পুলিশ ও এলাকাবাসী।
খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। পরে ফায়ার সার্ভিসকে জানানো হলে বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদে উদ্ধার অভিযান চালায়। দিনভর অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি।
এরপর শুক্রবার ভোরে কড্ডা এলাকায় নদে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পান।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তবে নিহতের চাচাতো ভাই দেলোয়ার হোসেনের দাবি, মোয়াজ্জেমসহ ৪-৫ জন ট্রলারে বসে ছিলেন। এ সময় ৫-৬ জন লোক এসে তাদের ট্রলার থেকে নেমে আসতে বলেন। নেমে না এলে গুলি করার হুমকি দেওয়া হয়।
তিনি আরও দাবি করেন, একপর্যায়ে ভয়ে তারা নদে ঝাঁপ দেন। তিনজন তীরে উঠতে পারলেও মোয়াজ্জেম নিখোঁজ হন।
গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ওই দিন ঘটনাস্থলে পুলিশের কোনো অভিযান চালানো হয়নি। ধারণা করা হচ্ছে, তারা জুয়া খেলছিলেন এবং পুলিশের ভয়ে নদে ঝাঁপ দেন।
তিনি বলেন, ওই সময় তিনজন তীরে উঠতে পারলেও মোয়াজ্জেম উঠতে পারেননি। অথচ পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, তিনি ভালো সাঁতার জানতেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।