বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জের
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ১৫:০২ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৬ ১৫:০৩ পিএম
নিহতের স্বজনদের আহাজারি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে দেবরসহ তার সহযোগীরা নাসিমা বেগম (৪৫) নামের এক নারীকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনায় দেবর আলাল নিয়েয়াসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
নিহত নাসিমা বেগম আমলাবো এলাকার বাবুল মীরের স্ত্রী। তাদের সংসারে তিন ছেলে তিন মেয়ে রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নিহত নাসিমা বেগমের দেবর আলাল মিয়া, আলাল মিয়ার স্ত্রী জোসনা বেগম ও মেয়ের জামাই শাকিল মিয়া।
নিহতের পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, আমলাবো এলাকার বাবুল মীর তার জমিতে একটি বিল্ডিং নির্মাণ করছিলেন। ওই বিল্ডিং নির্মাণ করতে গিয়ে সীমানা নিয়ে বাবুল মীরের আপন ভাই আলাল মিয়া বাধা দিয়ে আসছেন। এ নিয়ে বেশ কয়েকদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় এ নিয়ে বাবুল মীরের স্ত্রী নাসিমা বেগমের সঙ্গে দেবর আলাল মিয়ার তর্কবিতর্ক ও বাকবিতন্ডা হয়।
এক পর্যায়ে আলাল মিয়া, জ্যোৎস্না বেগম, শাকিল মিয়া ও হাসানসহ ৫/৬ জন মিলে নাসিমা বেগমকে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে তাকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পাঁচজনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতেই মামলার অজু করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় আলাল মিয়া, আলাল মিয়ার স্ত্রী জোসনা বেগম ও মেয়ের জামাই শাকিল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।