কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ১৪:০২ পিএম
মালয়েশিয়া প্রবাসী মাহিনের বাড়ি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পটুয়াখালীর কলাপাড়ায় মাহিন নামের এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
এ সময় ওই প্রবাসীর ছেলে নাইমের পায়ে গুলি করে ডাকাতরা। এছাড়া তার পুত্রবধু রেজবি ও স্ত্রী রুমা বেগমের হাত পা বেঁধে বেধড়ক মারধর ও তার শিশু সন্তান তাসফিরের মাথায় পিস্তল ঠেকিয়ে ২৫ ভরি স্বর্নালংকার, প্রায় ২ লাখ টাকা ও একটি আইফোন লুটে নেওয়া হয়।
শুক্রবার রাত তিনটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সবাইকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান।
প্রবাসী মাহিনের স্ত্রী রুমা বেগম বলেন, তার স্বামী মালয়েশিয়ায় থাকেন। তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটা থেকে ৩টার দিকে ৫ থেকে ৬ জনের ডাকাতদল তাদের দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে। বাইরে ডাকাতদলের আরও কয়েকজন সদস্য ছিল। পরে বাসার সবার হাত ও পা বেঁধে বেধড়ক মারধর করে এবং তার পুত্রবধুকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার ছেলে নাইম বাধা দিলে তার পায়ের হাঁটুর ওপরে গুলি করে। এরপরে তার শিশু সন্তান তাসফিরের মাথায় পিস্তল ঠেকিয়ে ২৫ ভরি স্বর্নালংকার, প্রায় ২ লাখ টাকা ও একটি আই ফোন লুটে নিয়ে চলে যায়।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের আটকের চেষ্টা চলছে।