শাহরাস্তি (চাঁদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ১২:৪৮ পিএম
শাহরাস্তি মডেল থানা। ফাইল ছবি
মাদক কারবারে সম্পৃক্ততার অভিযোগে শাহরাস্তি মডেল থানার ৫ পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
চাঁদপুর পুলিশ সুপার মো. মিজানুর রহমান শুক্রবার এ সংক্রান্ত অফিস আদেশ প্রদান করেন।
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন, উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসাইন (বিপি ৮৮০৭১২২৩৪৪) , সহকারী উপ- পরিদর্শক (এএসআই) শহীদ উল্লাহ (বিপি ৮৪০৩১১১৪৯১), কনস্টেবল শরিফ উদ্দিন (বিপি ৯৬১৫১৭৮৭৩৭), গাড়ি চালক নজরুল ইসলাম (বিপি ৮২০১০৮৮৪১৮) ও কনস্টেবল ইসতিয়াক (বিপি ৯৪১৪১৬৯৪৪৪)।
প্রসঙ্গত, গত ২৮ জুলাই উপজেলার আয়নাতলী বাজারে স্থানীয়দের হাতে মাদক কারবারি মিজানুর রহমান আটক হয়। ওই সময় পুলিশের সঙ্গে মিজানের কথপোকথন ও অর্থ লেনদেনসহ বিভিন্ন তথ্য তার মোবাইল ফোনে পাওয়া যায়। এরপর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে।
পুলিশের পক্ষ থেকে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। ওই অভিযোগে চাঁদপুর পুলিশ সুপার তাদেরকে সাময়িক বরখাস্ত করেন।
এদিকে মাদক কারবারে পুলিশের যোগসাজশের বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হওয়ার পর ৩ আগস্ট এএসআই শহীদ উল্লাহ ও ৫ আগস্ট শরিফ উদ্দিন কুমিল্লায় বদলি হয়ে যায়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ৫ জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।তারা চূড়ান্তভাবে অভিযুক্ত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।