× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লুটের টাকায় গরুর খামার

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ১১:২৬ এএম

আপডেট : ১৭ আগস্ট ২০২৬ ১৫:৪০ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

টাকার পাহাড় পাহারার দায়িত্ব যার কাঁধে, তিনি নিজেই খুঁজছিলেন রাতারাতি বড়লোক হওয়ার চোরাপথ। সুরক্ষিত ভল্ট থেকে দিনের পর দিন সুকৌশলে বিশাল অঙ্কের টাকা সরিয়ে নিভৃতে গড়ে তুলেছিলেন বিশাল এক গরুর খামার। যেন জাদুর প্রদীপ, যার ছোঁয়ায় ব্যাংকের গচ্ছিত অর্থ নিমেষেই পরিণত হচ্ছিল খামারের হৃষ্টপুষ্ট গরুতে! চট্টগ্রামের অগ্রণী ব্যাংকের লালদীঘি করপোরেট শাখায় ঘটেছে এমনই এক চাঞ্চল্যকর অর্থ আত্মসাতের ঘটনা। শাখার খোদ ক্যাশ ইনচার্জের অভিনব জালিয়াতিতে ভল্ট থেকে উধাও হয়ে গেছে পাক্কা ৪ কোটি ৩৮ লাখ টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ৯ আগস্ট প্রথম জানাজানি হয়। এরপরই টনক নড়ে ব্যাংক কর্তৃপক্ষের। তড়িঘড়ি করে থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্তে নেমে মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেনÑ অগ্রণী ব্যাংকের লালদীঘি করপোরেট শাখার সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেন (৪১) এবং তার সহযোগী মো. জাফর উল্যাহ তানভীর (২৫)। পুলিশের জিজ্ঞাসাবাদে ও আদালতে দেওয়া  স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা ব্যাংকের টাকা লুটের কাহিনী তুলে ধরেছেন। আদালতের নির্দেশে বর্তমানে এই দুই আসামি কারাগারে বন্দি রয়েছেন।

যেভাবে টাকা সরানো হতো ভল্ট থেকে

কীভাবে এত বিপুল পরিমাণ অর্থ সহকর্মীদের নজর এড়িয়ে সুরক্ষিত ভল্ট থেকে বের করা হলোÑ এমন প্রশ্নের উত্তরে বেরিয়ে এসেছে জালিয়াতির এক অভিনব কৌশল। মামলার এজাহার ও পুলিশের তদন্ত সূত্রে জানা যায়, প্রতিদিনের লেনদেন শেষে ব্যাংকের নিয়ম অনুযায়ী ভল্টের টাকার হিসাব মেলানোর দায়িত্ব ছিল কামরুল হোসেনের ওপর। এই সুবর্ণ সুযোগটিই কাজে লাগান তিনি।

ভল্টে টাকা রাখার সময় এক হাজার টাকার বড় নোটের বান্ডেলের ভেতরে অত্যন্ত সুকৌশলে ১০০ টাকা বা তার চেয়েও ছোট নোটের বান্ডেল ঢুকিয়ে রাখতেন তিনি। বাইরে থেকে দেখলে মনে হতো পুরো বান্ডেলটিই হাজার টাকার। এভাবে দীর্ঘদিন ধরে তিনি কাগজপত্রে ও বাহ্যিক দৃষ্টিতে ভল্টের হিসাব ঠিক রাখলেও বাস্তবে ভল্টে টাকার বিরাট ঘাটতি তৈরি করেন। আত্মসাৎ করা টাকাগুলো বিভিন্ন সময়ে অত্যন্ত সন্তর্পণে ব্যাংক থেকে বের করে সহযোগী তানভীরের কাছে হস্তান্তর করতেন কামরুল।

যেভাবে ধরা পড়লেন ক্যাশ ইনচার্জ

নিখুঁতভাবে চুরি করে পার পেয়ে যাওয়ার যে ছক কামরুল কষেছিলেন, তা ভেস্তে যায় ৯ আগস্ট। সেদিন নিয়মিত ব্যাংকিং কার্যক্রম শেষে শাখার নগদ অর্থের হিসাব ও ভল্টে সংরক্ষিত টাকার হিসাব মেলাতে গিয়ে বড় ধরনের অসংগতি ধরা পড়ে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে দেখা যায়, ভল্টে মোট ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি রয়েছে।

শাখা ব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্যাশ ইনচার্জ কামরুলকে এই গড়মিলের কারণ জিজ্ঞেস করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। ‘আজ দিচ্ছি, কাল দিচ্ছি’ বলে তিনি কেবল টালবাহানা করে সময়ক্ষেপণ করতে থাকেন। পূর্ণাঙ্গ হিসাব দিতে ব্যর্থ হওয়ায় ১০ আগস্ট তাকে ব্যাংকের ভেতরে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাকে আটক করে এবং ব্যাপক জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসে সত্য।

লুটের টাকায় ইশরাত অ্যাগ্রো

তদন্তে জানা যায়, কামরুল হোসেন ব্যাংকের এক অফিস স্টাফ শিহাবের মাধ্যমে তানভীরের সঙ্গে পরিচিত হন। তানভীরের সঙ্গে যোগসাজশেই তিনি এই বিপুল অর্থ আত্মসাতের পরিকল্পনা করেন। কামরুলের অবৈধ বিনিয়োগ ও তানভীরের সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রামের হাটহাজারী থানার উত্তর বুড়িশ্চর এলাকার ফজল আলী ফকির বাড়িতে গড়ে তোলা হয় ‘ইশরাত অ্যাগ্রো’ নামের একটি গরুর খামার। বর্তমানে ওই খামারে বিভিন্ন উন্নত জাতের ৫০ থেকে ৬০টি গরু রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

অভিযুক্ত পক্ষের ভাষ্য

গ্রেপ্তার মো. জাফর উল্যাহ তানভীরের বাবা আজিম উল্যাহর দাবি, কামরুল তার ছেলের ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করে পরে তা তুলেও নেন। ওই টাকার উৎস জানা তানভীরের পক্ষে সম্ভব নয়। আজিম উল্যাহ গতকাল বৃহস্পতিবার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ব্যাংক কর্তৃপক্ষ মিথ্যা বলে তানভীরকে ডেকে নিয়ে আটকে রেখে নির্যাতন করে জোরপূর্বক  স্বীকারোক্তি আদায় করেছে। ব্যাংকের কর্মী না হয়েও ভল্টের টাকা সরানোর দায় তার ছেলের ওপর চাপানো হচ্ছে।’

তানভীরের আইনজীবী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদ গতকাল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ব্যাংকের ভল্টের দায়িত্ব একাধিক ব্যক্তির ওপর থাকে। এক বছরের বেশি সময় ধরে টাকা সরানোর বিষয়টি নজরে না আসাটা সংশ্লিষ্ট কর্মকর্তাদের চরম অবহেলা। এ ছাড়া তানভীরের সঙ্গে এত বড় অঙ্কের লেনদেনের অভিযোগটিও সঠিক নয়। কেউ ব্যবসায় বিনিয়োগ করলে সেই অর্থের উৎস যাচাই করা গ্রহীতার দায় নয়।’

এ বিষয়ে মামলার বাদী, অগ্রণী ব্যাংকের লালদীঘি করপোরেট শাখার জেনারেল ম্যানেজার মোস্তাক আহমেদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

পুলিশের ভাষ্য

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন পুরো ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘শাখার জেনারেল ম্যানেজার মোস্তাক আহমেদ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করার পর আমরা দুজনকে গ্রেপ্তার করি। তারা ইতোমধ্যে আদালতে নিজেদের দোষ স্বীকার করে  স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।’ তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিদের কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং ৬৪ গিগাবাইটের একটি পেনড্রাইভ জব্দ করা হয়েছে। ওই পেনড্রাইভে হোয়াটসঅ্যাপে যোগাযোগ ও লেনদেনের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত রয়েছে। এই বিশাল অর্থ আত্মসাতের সঙ্গে ব্যাংকের অন্য কোনো কর্মকর্তা বা কর্মচারীর যোগসাজশ আছে কি না তা পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা