গ্যাস না পেয়ে চট্টগ্রামের ষোলশহর মোড় এলাকায় অবস্থান নিয়ে শুক্রবার ভোর থেকে সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। গ্যাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা পর চাহিদা মত গ্যাস না পেয়ে ক্ষোভে ফুঁসছে সিএনজিচালিত অটোরিকশার চালকেরা।
নগরের ষোলশহর মোড় এলাকায় অবস্থান নিয়ে শুক্রবার ভোর থেকে সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ চালকেরা। এতে ব্যস্ততম মুরাদপুর থেকে ২ নম্বর গেট মুখী প্রধান সড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
চালকদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ফিলিং স্টেশন থেকে গ্যাস পাওয়া যাচ্ছে না। সরবরাহ কখন স্বাভাবিক হবে, সে বিষয়ে স্টেশন কর্তৃপক্ষ কোনও স্পষ্ট জবাব দিতে পারছে না। ফলে নিয়মিত গাড়ি চালাতে না পেরে দৈনিক জমা ও সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন তারা।
অটোরিকশা চালক তোফায়েল বলেন, “দুই দিন ধরে গাড়ি চালাতে পারছি না। কোনও আয় নেই, অথচ মহাজনের জমা ও সংসারের খরচ তো থেমে নেই। তীব্র গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে থেকেও যদি গ্যাস না পাই, তবে পরিবার নিয়ে আমরা চলব কীভাবে?”
পরিস্থিতি নিয়ে ষোলশহরস্থ ফসিল ফিলিং স্টেশনের কর্মকর্তা জানান, মূল জাতীয় গ্রিড বা প্রধান সংযোগ থেকে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় তারা গ্রাহকদের চাহিদা অনুযায়ী গ্যাস দিতে পারছেন না। পর্যাপ্ত চাপ ও সরবরাহ না পাওয়া পর্যন্ত পাম্প চালু করা সম্ভব হচ্ছে না বলে জানান তারা।
সড়ক অবরোধ ও যানজটের খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহেদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।