রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ২২:৫৫ পিএম
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি খাদ্যগুদামে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ উঠেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি খাদ্যগুদামে বোরো ধান সংগ্রহে অনিয়ম ও কৃষকদের হয়রানির অভিযোগ উঠেছে।
বস্তা সংকটের অজুহাতে গুদামে কৃষকদের ধান গ্রহণ না করে অটো রাইস মিলে ধান সরবরাহের জন্য টোকেন দেওয়ার অভিযোগ করেছেন দুই কৃষক।
তাদের অভিযোগ, কর্মকর্তার দেওয়া টোকেন অনুযায়ী অটো রাইস মিলে ধান সরবরাহ করলেও সেখানে কোনো সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন না, এমনকি ধান দেওয়ার সময় তিন বস্তা ধানও কর্তন করা হয়েছে।
এ ঘটনায় উপজেলা খাদ্যগুদাম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন কৃষক শাহ-আলম মিয়া ও চন্দন কুমার রায়।
অভিযোগে সরকারি নীতিমালা অনুযায়ী ধান সংগ্রহ কার্যক্রমের নথিপত্র যাচাই, সরেজমিন তদন্ত এবং অনিয়মের সত্যতা পাওয়া গেলে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বোরো মৌসুমে সরকারি নীতিমালা অনুযায়ী কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের কথা থাকলেও রাজারহাট খাদ্যগুদামে ধান সরবরাহ করতে গিয়ে কৃষকেরা ভোগান্তিতে পড়েন।
গত ১৯ জুন গুদামে বস্তা সংকটের কথা উল্লেখ করে একটি নোটিশ দেওয়া হয়। এরপর কয়েক দফা ধান নিয়ে গুদামে গেলেও বস্তা সংকটের কথা বলে তা গ্রহণ করা হয়নি। পরে কৃষকেরা জানতে পারেন, গুদামে ধান গ্রহণ না করে উপজেলার উমরমজিদ ইউনিয়নের একটি অটো রাইস মিলে ধান সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে অভিযোগে।
আরও উল্লেখ করা হয়েছে, এ বিষয়ে গুদাম কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তাকে একটি টোকেন দিয়ে ফরকেরহাট অটো রাইস মিলে ধান সরবরাহ করতে বলা হয় এবং ধান সরবরাহের পর ওই টোকেন কর্মকর্তার কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
কৃষক শাহ আলম মিয়ার অভিযোগ, কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী তিনি ফরকেরহাট অটো রাইস মিলে ধান সরবরাহ করেন। সেখানে কোনো সরকারি কর্মকর্তা উপস্থিত না থাকলেও ধানের আর্দ্রতা পরিমাপ করে ধান গ্রহণ করা হয় এবং টোকেন জমা দেওয়ার পর তার ধানের বিল পাস করা হয়।
তবে ধান সরবরাহের সময় তার কাছ থেকে তিন বস্তা ধান কেটে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
অপর অভিযোগকারী কৃষক চন্দন কুমার রায় জানান, বিষয়টি জানতে পেরে তিনি গুদাম কর্মকর্তার সঙ্গে কথা বললে তাকেও একটি টোকেন দিয়ে ফরকেরহাট অটো রাইস মিলে ধান সরবরাহ করতে বলা হয়।
তার দাবি, এই প্রক্রিয়ায় তিনি ছাড়াও অনেক কৃষক হয়রানি ও ভোগান্তির শিকার হয়েছেন এবং সরকারি গুদামের পরিবর্তে অটো রাইস মিলে ধান সরবরাহের এমন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
অভিযোগকারীরা ধান সংগ্রহের সময়কাল, সরকারি বরাদ্দ, কৃষক নির্বাচন প্রক্রিয়া, টোকেন প্রদান, ধান সরবরাহের তারিখ, গুদামে ধান গ্রহণের রেজিস্টার ও রেকর্ড, ডিও, বরাদ্দপত্র এবং অটো রাইস মিলে ধান সরবরাহসংক্রান্ত নথিপত্র যাচাইয়ের দাবি জানিয়েছেন। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন তারা।
এদিকে সরকারি খাদ্যগুদামে ধান সংগ্রহের পরিবর্তে অটো রাইস মিলে ধান সরবরাহ, কৃষকের ধান কেটে নেওয়া এবং লটারি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
অভিযোগের বিষয়ে খাদ্যগুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) হুমায়ুন কবীর বলেন, “ধান গুদামঘরে নেওয়া হয়েছে।”
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. মাসুদা বেগম বলেন, “এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।”
ইউএনও তানজিলা তাসনীম জানান, অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।