নেছারাবাদ (পিরোজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ২২:৩৮ পিএম
ঘাতক নাইমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পিরোজপুরের নেছারাবাদে প্রবাসীর বাড়িতে চুরি করতে গিয়ে প্রবাসীর স্ত্রী, তার ৯ বছরের শিশুকন্যা ও এক কলেজছাত্রকে কুপিয়ে জখম করেছে মো. নাঈম নামে এক যুবক। বৃহস্পতিবার সকালে উপজেলার জগৎপট্টি গ্রামে এ ঘটনা ঘটে।
নাইম একই গ্রামের মো. রফিকুল হাওলাদার এর ছেলে। ঘটনার পর প্রতিবেশীর একটি ঘর থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহতরা হলেনÑ প্রবাসী ইলিয়াস হোসেনের স্ত্রী নাজমা আক্তার, তার ৯ বছরের মেয়ে মুন ও প্রতিবেশী কলেজছাত্র মুইন।
আহত নাজমা আক্তার ও তার শিশুকন্যা মুনকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মুইনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন নাজমা আক্তার বলেন, কাজ করার সময় হঠাৎ দেখি নাঈম ঘরের ভেতরে। আমি মোবাইলে স্বজনদের বিষয়টি জানানোর চেষ্টা করলে সে বাধা দেয়। পরে চিৎকার করলে ছুরি দিয়ে আমাকে আঘাত করতে থাকে। আমার মেয়ে ও প্রতিবেশী মুইন এগিয়ে এলে তাদেরও আহত করা হয়।
প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী সাহিদা বেগম বলেন, সকালে নাজমার ছোট মেয়ে গালে রক্তাক্ত অবস্থায় তাদের বাড়ির সামনে এসে চিৎকার করে বাঁচানোর জন্য সাহায্য চায়। পরে তিনি ও তার ছেলে মুইন ছুটে গিয়ে নাজমাকে ঘরের ভেতরে দেখতে পান নাঈম নাজমাকে ছুরি দিয়ে কোপাচ্ছিল। মুইন তাকে ধরতে গেলে তার হাতেও কোপ দেয়। ছেলেকে বাঁচাতে গেলে আমার হাতেও আঘাত লাগে।
নেছারাবাদ থানার ওসি মেহেদী হাসান জানান, এ ঘটনায় নাঈমকে আসামি করে থানায় মামলা হয়েছে। মামলার পরই তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।