× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্ষণের কথা জানানোয় মাদ্রাসাছাড়া করা হলো শিশুকে

রাজশাহী অফিস

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ২১:২২ পিএম

রাজশাহীর কাটাখালীর বেলঘরিয়া এলাকায় তা’লীমুল কুরআন হাফেজিয়া ক্বওমী বালক-বালিকা মাদ্রাসা। ছবি: সংগৃহীত

রাজশাহীর কাটাখালীর বেলঘরিয়া এলাকায় তা’লীমুল কুরআন হাফেজিয়া ক্বওমী বালক-বালিকা মাদ্রাসা। ছবি: সংগৃহীত

রাজশাহীর কাটাখালীর বেলঘরিয়া এলাকায় তা’লীমুল কুরআন হাফেজিয়া ক্বওমী বালক-বালিকা মাদ্রাসায় ১১ বছর বয়সী এক আবাসিক ছাত্র ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ধর্ষক খোদ শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক আবদুর রউফ। 

ভুক্তভোগী শিশু ছাত্রের পরিবারের দাবি, ঘটনাটি পরিবারের অভিভাবকদের জানানোয় মাদ্রাসার পরিচালক আলমগীর হোসেন ছাত্রটিকে প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছেন। শুধু তাই নয়, কোনো ধরনের আইনি পদক্ষেপ যাতে না নেওয়া হয়, তার জন্য ভয়ভীতিও দেখানো হচ্ছে তাদেরকে।

অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, ওই ছাত্রকে প্রতিষ্ঠানের শিক্ষক আবদুর রউফ প্রায় রাতেই মুখ চেপে ধরে যৌন নিপীড়ন করতেন। বাধা দিলে বেধরক পেটানো হতো। সেইসঙ্গে হুমকি দেওয়া হতো পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার।

ভুক্তভোগী শিশুর মায়ের দাবি, গত মে মাসের শেষের দিকে যৌন নিপীড়নের কারণে তার ছেলে অসুস্থ হয়ে পড়ে। পরে বাড়িতে গিয়ে সে সবকিছু খুলে বলে। এরপর তিনি মাদ্রাসার পরিচালক আলমগীর হোসেনকে বিষয়টি জানান। তখন তিনি ঘটনাটি আর কাউকে না জানানোর অনুরোধ করেন। পরে শিক্ষক আবদুর রউফকে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়। অভিযুক্ত ব্যক্তিকে সরিয়ে দেওয়ার পর তিনি তার ছেলেকে আবার ওই মাদ্রাসায় পাঠান।

পরিবারের অভিযোগ, কয়েক দিন পর থেকে মাদ্রাসার পরিচালক আলমগীর হোসেন ও তার স্ত্রী মীম খাতুন শিশুটির সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। কয়েক দিন আগে চুরির অপবাদ দিয়ে তার ছেলেকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়।

ভুক্তভোগী শিশুর মা বলেন, ছেলেকে পরে অন্য একটি মাদ্রাসায় ভর্তি করা হয়। তিনি ধর্ষণের ঘটনায় মামলা করতে চান। কিন্তু পুলিশ মামলা নিচ্ছে না। তার অভিযোগ, এলাকার দলীয় প্রভাবশালী লোকজন তার বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখাচ্ছেন। এমনকি পুলিশ পরিচয়ে কয়েকজন বাড়িতে গিয়ে ভয়ভীতিও দেখিয়েছেন।

পেশায় অটোরিকশাচালক শিশুটির বাবা দাবি করেন, ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা তাকে ভয় দেখিয়ে বলেছেন যে, এ ঘটনায় কোনো মামলা করা যাবে না। আর যদি মামলা করা হয়, তাহলে মাদক দিয়ে তাকে ফাঁসানো হবে। তিনি যদি অটোরিকশা নিয়ে বের হন, তার পা ভেঙে দেওয়া হবে বলেও তাকে হুমকি দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে কথা বলতে প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক আবদুর রউফের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তা বন্ধ পাওয়া যায়। প্রতিষ্ঠানের পরিচালক আলমগীর হোসেন এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান।

নগরের কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কাদেরী জানান, ঘটনাটি তিনি প্রথম থেকেই জানেন। ওই শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠার পর এলাকার লোকজন মাদ্রাসায় জড়ো হয়েছিলেন। খবর পেয়ে তিনিও সেখানে যান। তবে তখন কেউ তার কাছে ঘটনার সত্যতা স্বীকার করেননি। ওসি বলেন, এখন মাদ্রাসা থেকে ছাত্রটিকে বের করে দেওয়ার পর নতুন করে অভিযোগ সামনে আনা হয়েছে। আসলে কি ঘটনা ঘটেছিল, তা তদন্ত ছাড়া এখন বলা সম্ভব নয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা