× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নয় জেলায় সড়কে ঝরল ১৫ প্রাণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ২০:২৪ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৬ ২১:০২ পিএম

নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নারিন্দিয়া বাজার এলাকায় সার বোঝাই ট্রাকের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষে চারজন নিহত ও অন্তত ৬ জন হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নারিন্দিয়া বাজার এলাকায় সার বোঝাই ট্রাকের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষে চারজন নিহত ও অন্তত ৬ জন হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশের সড়ক যেন ক্রমেই হয়ে উঠছে মৃত্যুফাঁদ। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। কখনো বাসের সঙ্গে বাসের সংঘর্ষ, কখনো মোটরসাইকেল ও ভারী  যানবাহনের সংঘাত, আবার কখনো নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী বা সড়কের পাশে থাকা মানুষকে চাপা দেওয়ার ঘটনা। সব মিলিয়ে সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে নেত্রকোনায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে ৪ জন এবং কক্সবাজারে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এছাড়া ফেনী, বেনাপোল, ভৈরব, নওগাঁ, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জ এবং রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন করে মারা গেছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১৪ জন। বিস্তারতি প্রতিবেদকদের পাঠানো খবরে-

নেত্রকোনা: সার বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সংঘর্ষে চারজন নিহত ও অন্তত ৬ জন হয়েছেন। বৃহস্পতিবার বিকালে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নারিন্দিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনাগামী পিকআপভ্যানের সঙ্গে ময়মনসিংহগামী সার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে গুরুতর আহতদের  উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও নেত্রকোনা সদর হাসাপাতালে নেওয়ার পথে আরও ২ জন মারা যান। পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

চকরিয়া (কক্সবাজার): বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে খুটাখালী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ খুটাখালীর সেগুনবাগিচার মো. জসিম উদ্দিন (২৫), ফুলছড়ির শিয়াপাড়ার মো. শাহেদ (২৭),  খুটাখালীর মো. জিয়াবুল হক (২৫) এবং ঈদগাঁও উপজেলার মোহাম্মদ রফিক (২৮)।

মালুমঘাট হাইওয়ে থানার এসআই শামসুজ্জামান বলেন, লাল-সবুজ যাত্রীবাহি বাসের সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ ৮ জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় এবং চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান।

ফেনী: ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় জুয়েল দাস (৩৫) নামে এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল দাস নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা। তিনি স্থানীয় মুহুরীগঞ্জের পিএইচপি কারখানায় কর্মরত ছিলেন। 

ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি জব্দ করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সরাতে পুলিশ কাজ করছে। 

বেনাপোল: ভবেরবেড় এলাকায় বৃহস্পতিবার দুপুরে লোহার গ্রিলবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৫০) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এতে আহত হন আরও দুইজন। নিহত ইব্রাহিম শার্শা উপজেলার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি ইছাপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ হোসেন জানান, বেনাপোলে বাইপাসে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

পত্নীতলা (নওগাঁ): যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে শ্যামল তিগ্গা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্যামল তিগ্গা উপজেলার আকবরপুর ইউনিয়নের রায়তারা গ্রামের বিরশা তিগ্গার ছেলে। 

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক বলেন, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গোপালগঞ্জ: মুকসুদপুরের দিগনগর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে বৃহস্পতিবার দুপুরে ট্রাকের ধাক্কায় রেজাউল আলম (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি উপজেলার বড় বনগ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে। 
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদুর রহমান জানান, মোটর সাইকেলে করে রেজাউল আলম মুকসুদপুর থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দিগনগর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে ছিটকে পড়ে ট্রাকে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুন্সিগঞ্জ: গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় আশরাফুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাউশিয়া এলাকায় চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। 

ভবেরচর হাইওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

রাজবাড়ী: বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার মাটিপাড়া ব্রীজ এলাকায় বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী পলাশ প্রামানিক (২৫) নিহত হয়েছেন। তিনি উপজেলার বাগমারা গ্রামের আরজু প্রামানিকের ছেলে।  

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে। পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। 

ভৈরব (কিশোরগঞ্জ): স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদী আরব প্রবাসী ইয়াছিন আহমেদ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রী মিতু বেগম (২১) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের কমলপুর মাদ্রাসা মাঠে নিহত ইয়াছিন আহমেদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে কমলপুর কবরস্থানে দাফন করা হয়। নিহত ইয়াছিন আহমেদ শহরের কমলপুর মুসলিমের মোড় এলাকার পূবালী ব্যাংক বিল্ডিং মালিক মৃত বাক্কী মিয়ার ছেলে।
১২ আগস্ট বুধবার সন্ধ্যা পৌনে ৬টায় ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মালিহাতা এলাকায় একটি ট্রাকের সাথে মোটরসাইকেল সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা