রংপুর অফিস
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১৮:৩৬ পিএম
রংপুর নগরীর কেল্লাবন্দের আঞ্চলিক কার্যালয়ের সামনে চাকরি স্থায়ীর দাবিতে প্রতীকী অনশন করেছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো রংপুর অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চাকরি স্থায়ীর দাবিতে রংপুরে প্রতীকী অনশন করেছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো রংপুর অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল থেকে নগরীর কেল্লাবন্দের আঞ্চলিক কার্যালয়ের সামনে অনশন শুরু করে তারা চাকরি স্থায়ীকরণে নানা স্লোগান দিতে থাকে।
প্রখর রোদে অনশন কর্মসূচিতে অংশ নিয়ে ৩ জন অফিস স্টাফ ও ফিল্ড টেকনিশিয়ান অসুস্থ্ হয়ে পড়েন।
আন্দোলনকারী রাকিবুল ইসলাম, সবুজ মিয়াসহ অন্যরা জানান, দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে অফিস স্টাফ ও ফিল্ড টেকনিশিয়ানরা ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানিতে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে চাকরি করে আসছে। বিগত সময়ে আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোম্পানি কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ী করার আশ্বাস দিলেও সেটি বাস্তবায়ন করতে টালবাহানা করছে।
এরই পরিপ্রেক্ষিতে প্রায় এক মাস ধরে নানা ধরনের আন্দোলন কর্মসূচি পালন করা হচ্ছে। এনিয়ে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দিলেও কর্তৃপক্ষ তা কানে তুলছে না। সর্বশেষ বাধ্য হয়ে প্রতীকী অনশনে আমাদের যেতে হয়েছে। এরপরেও যদি কর্তৃপক্ষ দাবি না মানে তাহলে আমরণ অনশনে যেতে বাধ্য হবে কর্মকর্তা-কর্মচারীরা।
তারা আরও বলেন, শ্রম আইন অনুযায়ী ১৮০ দিনের বেশি ঠিকাদারি প্রতিষ্ঠান একজন জনবলকে একটি প্রতিষ্ঠানে কাজ করাতে পারবে না। কিন্তু এই কোম্পানিতে প্রায় দুই যুগ ধরে কর্মকর্তা-কর্মচারীরা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করছে। তাই চাকরি স্থায়ীকরণ আমাদের ন্যায্য দাবি।
এদিকে প্রতীকী অনশন করতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অসুস্থ্ হয়ে পড়ার খবর শুনে ছুটে আসেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। তিনি আন্দোলনকারীদের পানি খাইয়ে অনশন প্রত্যাহার করান। সেই সঙ্গে যৌক্তিক দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে দাবি বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন।
সামসুজ্জামান সামু বলেন, রংপুরের মানুষ তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় একাত্তরে আন্দোলন করে জীবন দিয়েছিল। চব্বিশের গণঅভ্যুত্থানেও রংপুরের মানুষ প্রথম জীবন দিয়েছে। এই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন করেই তাদের অধিকার প্রতিষ্ঠা করবে। এক্ষেত্রে আমি তাদের পাশে রয়েছি। আমি আমার অবস্থান থেকে কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব।