মাগুরা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১৮:৩৩ পিএম
মাগুরা শহরের সদর থানার সামনে বেবি প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় ছয়টি গার্মেন্টসের দোকানে চুরির ঘটনা ঘটে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মাগুরা শহরের সদর থানার সামনে বেবি প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় ছয়টি গার্মেন্টসের দোকানে চুরির ঘটনা ঘটেছে। ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় ছয় দোকান মালিকের প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
গত বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা দোকানগুলোর শাটার ও তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা ও বিভিন্ন ধরনের পোশাক নিয়ে যায়। চুরি হওয়া দোকানগুলোর মধ্যে রয়েছেÑ জেন্টস গ্যালারি, আল রিয়াদ, নিউ ফ্যাশন গার্মেন্টস, প্লাস পয়েন্ট, বিজা জেন্টস গ্যালারি ও মোহনা গার্মেন্টস।
ব্যবসায়ীরা জানান, বুধবার গভীর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মার্কেটের দ্বিতীয় তলায় উঠে একে একে ছয়টি দোকানের শাটার ও তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দোকানে থাকা বিভিন্ন ধরনের পোশাক ও নগদ টাকা নিয়ে তারা পালিয়ে যায়। সকালে দোকান খুলতে এসে ব্যবসায়ীরা চুরির বিষয়টি দেখতে পান।
স্থানীয়দের ধারণা, মার্কেট সংলগ্ন বাইরের সিঁড়ির রেলিং বেয়ে দুর্বৃত্তরা দ্বিতীয় তলায় উঠে থাকতে পারে। এ ছাড়া মার্কেট ভবনের পাশের একটি জামরুল গাছের ডালপালা দ্বিতীয় তলার ছাদ পর্যন্ত ছড়িয়ে রয়েছে। ওই গাছ ব্যবহার করে কেউ ভবনে প্রবেশ করেছে কি না, সেটিও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মাগুরা সদর থানার ওসি আব্দুল আল মামুন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে মার্কেটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।