চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১৮:৩১ পিএম
সিএমপি সদর দপ্তরে গত জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বৃহস্পতিবার কথা বলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতার বিরুদ্ধে আরও কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
সিএমপি সদর দপ্তরে গত জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে বৃহস্পতিবার তিনি এ নির্দেশ দেন।
সভায় নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সিএমপি কমিশনার সব থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
তিনি বলেন, সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারদের নিজ নিজ অধিক্ষেত্রে মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি হত্যা মামলাসহ অন্যান্য মামলা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জনগণের জন্য কার্যকর ও সময়োপযোগী পুলিশি সেবা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, মামলা নিষ্পত্তির হার এবং গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) তামিলের গতি বাড়াতে হবে। এ ছাড়া নগরের যানজট ও সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগকেও নির্দেশনা দেন সিএমপি কমিশনার।
এ ছাড়া সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়াসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।