বাগেরহাট প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১৮:২১ পিএম
বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের বিরল প্রজাতির ‘ধাতিনা ভোল’ মাছ। বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি সাড়ে ৩ লাখে বিক্রি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের বিরল প্রজাতির ‘ধাতিনা ভোল’ মাছ। সেটি প্রতি কেজি ১৬ হাজার ১৩৬ টাকা দরে মোট ৩ লাখ ৫৫ হাজারে বিক্রি হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের মিরাজ হাওলাদারের আড়তে উন্মুক্ত নিলামে মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী হারুন মীর।
স্থানীয়দের কাছে মাছটি ‘ধাতিনা ভোল’ বা ‘দাতিনা ভোল’ নামে পরিচিত। বিরল এই মাছটি দেখতে বৃহস্পতিবার সকালে আড়তে ভিড় করেন উৎসুক মানুষ।
এর আগে মঙ্গলবার বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের জেলে ইলিয়াছ হোসেনের মালিকানাধীন ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারের জালে মাছটি ধরা পড়ে। ইলিয়াছ হোসেন বলেন, সাগরের আবহাওয়া খারাপ থাকায় ইলিশ মাছ তেমন ধরা পড়ছে না। তাই বাড়ি ফেরার আগে শেষ মুহূর্তে সাগরে জাল ফেলি। রাতে জাল টানার সময় ধাতিনা ভোল মাছটি পাই। এত বড় ও দামি মাছ পেয়ে আমরা খুবই খুশি।
হারুন মীর বলেন, এই মাছের মণ ৬ লাখ টাকা। সেই হিসাবে ২২ কেজি ওজনের মাছটি ৩ লাখ ৫৫ হাজার টাকায় কিনেছি। এখন বরফ দিয়ে মাছটি বড় মোকামে নেওয়া হবে। সেখান থেকে চট্টগ্রামে পাঠানো হবে। আশা করছি, মাছটি বিক্রি করে প্রায় ৫০ হাজার টাকা লাভ করতে পারব।
উপকূলীয় মৎস্য সমবায় সমিতির সভাপতি ইদ্রিস আলী বলেন, এখন সাগরে ছোট ফাঁসের জাল ব্যবহারের কারণে অনেক মাছ বড় হওয়ার আগেই ধরা পড়ে। দীর্ঘদিন পর এমন বড় মাছ পাওয়ায় আমরা খুবই আনন্দিত
মৎস্য ব্যবসায়ীরা জানান, ধাতিনা ভোল মাছের পটকার আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে চীন, থাইল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এটি উচ্চমূল্যে বিক্রি হয়। মাছের পটকা ওষুধ প্রস্তুত, চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা এবং প্রসাধনী তৈরিসহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস বলেন, ভোল মাছের গলব্লাডার (পিত্তথলি) খুব দামি। এছাড়া দেশীয় প্রজাতির মাছের এয়ার ব্লাডারও (বায়ুথলি) বেশ দামি। দেশীয় মাছের বায়ুথলি প্রতি কেজি ৩৫ থেকে ৩৬ হাজার টাকায় বিক্রি হয়। ভোল মাছের বিভিন্ন অঙ্গ চিকিৎসা সামগ্রী ও প্রসাধনী উৎপাদনে ব্যবহৃত হয়। মাছের অঙ্গও আমাদের একটি রপ্তানি পণ্য।