প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১৫:২৭ পিএম
ঝিনাইদহ সদর উপজেলার ধনঞ্জয়পুর গ্রামে বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষ হয়। ছবি: ভিডিও থেকে
ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।
সদর উপজেলার ধনঞ্জয়পুর গ্রামে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের জাহিদ বিশ্বাস ও শাহাবুর রহমানের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে ধনঞ্জয়পুর গ্রামের দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় অন্তত ১৫ জন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদউজ্জামান বলেন, কয়েকদিন ধরে ওই এলাকায় উত্তেজনা চলছিল। সকালে খবর পাওয়ার সাথে সাথেই সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।