× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিরতিহীন বাসে শ্রীমঙ্গল থেকে যাত্রী ওঠানামার সুযোগ পুনর্বহালের দাবি

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১৪:৫৯ পিএম

শ্রীমঙ্গল শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগীতশিল্পী তারেক ইকবাল চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শ্রীমঙ্গল শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগীতশিল্পী তারেক ইকবাল চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল দেশের অন্যতম পর্যটন এলাকা।  হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গল-মৌলভীবাজার হয়ে সিলেট সড়কে যাতায়াতকারী বিলাসবহুল বাস সার্ভিস হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস প্রায় ৫০ বছর ধরে এ অঞ্চলের যাত্রী পরিবহন করে আসছিল।

চলতি বছরের প্রথম দিকে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেসের সঙ্গে অপর একটি পরিবহনের বিরোধের জেরে গত ১২ জুন সিলেটের  বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে  এক সভায় হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বিরতিহীন বাসের শ্রীমঙ্গল স্টপেজ বাতিল করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় মৌলভীবাজারের শেরপুর হয়ে সিলেট চলাচলের। এই সভায় সিলেট বিভাগের সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

এ কারণে শ্রীমঙ্গলসহ আশপাশের হাজারো মানুষ স্বাভাবিক যাতায়াতের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ যাত্রীদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে বাস পরিবর্তন করতে হচ্ছে। এতে পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত শ্রীমঙ্গলের যোগাযোগব্যবস্থায়ও নেতিবাচক প্রভাব পড়ছে। 

হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বিরতিহীন বাসে শ্রীমঙ্গল থেকে যাত্রী ওঠানামার সুযোগ পুনর্বহালের দাবিতে আজ বৃহস্পতিবার শ্রীমঙ্গল শহরের গ্র্যান্ড তাজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে শ্রীমঙ্গলের ভুক্তভোগী যাত্রী ও সর্বস্তরের মানুষের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগীতশিল্পী তারেক ইকবাল চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক ও হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থা শ্রীমঙ্গলের সভাপতি নিহার রঞ্জন নাথ।

লিখিত বক্তব্যে তারেক ইকবাল চৌধুরী বলেন, হবিগঞ্জ-সিলেট সড়কপথে শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ জনপদ। প্রতিদিন শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ, সিলেটসহ বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক শিক্ষার্থী, রোগী, চাকরিজীবী, ব্যবসায়ী ও পর্যটক যাতায়াত করেন। কিন্তু বর্তমানে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস সার্ভিসে শ্রীমঙ্গল থেকে যাত্রী ওঠানামার সুযোগ না থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। আমাদের প্রশ্ন হলো দুটি পরিবহন প্রতিষ্ঠানের বিরোধের দায় কেন যাত্রীদের বহন করতে হবে?

সংবাদ সম্মেলনে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস সার্ভিসে পূর্বের মতো শ্রীমঙ্গল থেকে যাত্রী ওঠানো ও নামানোর ব্যবস্থা দ্রুত পুনর্বহাল করা, কোনো পরিবহন ব্যবসায়িক বিরোধের কারণে যাত্রীদের পরিবহন সুবিধা বন্ধ না করা এবং শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী যাত্রীদের জন্য নিয়মিত, নিরাপদ ও বিরতিহীন বাস সার্ভিস নিশ্চিত করার দাবি জানানো হয়। তারেক ইকবাল চৌধুরী বলেন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত এ সমস্যা সমাধানের আহ্বান জানাই। আমাদের এ দাবি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়; এটি যাত্রীদের অধিকার ও জনস্বার্থের দাবি। পরিবহন মালিকদের বিরোধের সমাধান করে যাত্রীদের যাতে ভোগান্তির শিকার হতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা