জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১৪:৫৪ পিএম
জামালপুরে সিএনজি পাম্পের তীব্র সংকট দূর ও নতুন ফিলিং স্টেশন চালুর সুনির্দিষ্ট আশ্বাসে ৩ ঘণ্টা পর সড়ক অবরোধ তুলে নিয়েছেন অটোরিকশা চালকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জামালপুরে সিএনজি পাম্পের তীব্র গ্যাস সংকট দূর ও নতুন ফিলিং স্টেশন চালুর সুনির্দিষ্ট আশ্বাসে ৩ ঘণ্টা পর সড়ক অবরোধ তুলে নিয়েছেন অটোরিকশা চালকরা।
প্রশাসন ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন
প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর জামালপুর-টাঙ্গাইল সড়কে পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক
হয়েছে।
জামালপুর শহরের বাইপাস মোড়ের বৃহস্পতিবার
সকাল পৌনে ৮টার দিকে বিসিক ফিলিং স্টেশনের সামনে সিএনজি অটোরিকশা আড়াআড়ি করে রেখে সড়ক
অবরোধ করেন বিক্ষুব্ধ চালকরা।
ব্যস্ততম এই সড়কটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায়
জামালপুর-টাঙ্গাইল সড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটারজুড়ে শত শত যানবাহন আটকে পড়ে।
এর ফলে, সকালের অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
আন্দোলনকারী চালকরা ক্ষোভ প্রকাশ করে
জানান, পুরো জেলায় মাত্র একটি পাম্প চালু থাকায় গত দুই মাস ধরে চরম গ্যাস সংকট চলছে।
প্রতিদিন সামান্য কিছু গ্যাসের জন্য তাদের ১০ থেকে ১২ ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে
হচ্ছে। ফলে তাদের দৈনিক আয়-রোজগার অর্ধেকের নিচে নেমে গেছে এবং পরিবার নিয়ে সংসার চালানো
অসম্ভব হয়ে পড়েছে।
সড়ক অবরোধের খবর পেয়ে জামালপুর সদর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন প্রতিনিধিরা দ্রুত ঘটনাস্থলে
পৌঁছে আন্দোলনকারী চালকদের সঙ্গে আলোচনায় বসেন। চালকদের দুর্ভোগের কথা স্বীকার করে
প্রশাসনিক প্রতিনিধিরা জানান, জেলায় সিএনজি সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ফিলিং
স্টেশন মালিকদের সঙ্গে আজই জরুরি ভিত্তিতে বৈঠক করা হবে।
একই সঙ্গে বন্ধ থাকা পাম্পগুলো দ্রুত
চালু করা এবং নতুন পাম্পের অনুমোদনের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুনির্দিষ্ট আশ্বাস
দেন তারা। জনভোগান্তি বিবেচনা করে সড়ক ছেড়ে দেওয়ার প্রশাসনিক আহ্বানে সাড়া দিয়ে সকাল
পৌনে ১১টার দিকে চালকরা তাদের যানবাহন সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।