মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১৪:১৪ পিএম
কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি পুকুর থেকে পল্টু মিয়া (৫৭) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কটিয়াদী পৌর এলাকার সদর ভোগপাড়া দাখিল মাদ্রাসার মসজিদসংলগ্ন পুকুর
থেকে বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পল্টু মিয়া বাজিতপুর উপজেলার পূর্ব
ভাগলপুর এলাকার মৃত আসন আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে মসজিদসংলগ্ন ওই পুকুরপাড়ে একটি
বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। ব্যাগটি পড়ে থাকার বিষয়টি
তাদের সন্দেহের সৃষ্টি হয়। পরে তারা পুকুরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখতে পান। বিষয়টি
দ্রুত আশপাশের লোকজনকে জানানো হলে খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে।
মরদেহ ভাসার খবর পেয়ে অল্প সময়ের মধ্যেই পুকুরপাড়ে স্থানীয় লোকজনের
ভিড় জমে যায়। পরে স্থানীয়রা কটিয়াদী মডেল থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে
গিয়ে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে। পুলিশ স্থানীয়দের উপস্থিতিতে মরদেহের পরিচয় শনাক্ত
করে।
কটিয়াদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত
করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য
মরদেহটি কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।