× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন ট্রান্সফরমার চালু করতেই পুড়ল তিন মহল্লার ইলেকট্রনিকস পণ্য

রাজশাহী অফিস

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১১:৩৪ এএম

বৈদ্যুতিক ট্রান্সফরমার। ছবি: উইকিপিডিয়া

বৈদ্যুতিক ট্রান্সফরমার। ছবি: উইকিপিডিয়া

রাজশাহীর কাটাখালী পৌরসভার বাখরাবাজ এলাকায় নতুন বৈদ্যুতিক ট্রান্সফরমার চালুর পর অতিরিক্ত ভোল্টেজে তিনটি মহল্লার বিভিন্ন বাড়ির টেলিভিশন, ফ্রিজ, এসি, বাতি, ব্যাটারি চার্জারসহ নানা ইলেকট্রনিকস পণ্য পুড়ে গেছে।

বাখরাবাজ মোল্লাপাড়া, মধ্যপাড়া ও স্কুলপাড়া এলাকায় সোমবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, রাতে বাখরাবাজ এলাকায় মসজিদের সামনে থাকা একটি ট্রান্সফরমার অকেজো হয়ে যায়। এতে বাখরাবাজ মোল্লাপাড়া, মধ্যপাড়া ও স্কুলপাড়া- এই তিন মহল্লায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্থানীয়রা নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) কাটাখালী কার্যালয়ে যোগাযোগ করেন।

পরে নেসকোর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রান্সফরমারটি অকেজো হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। রাত ২টার দিকে তারা একটি পোর্টেবল ট্রান্সফরমার এনে বিদ্যুৎ সংযোগ চালু করেন। সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের সামনে একটি বৈদ্যুতিক বাল্ব পুড়ে যায়। বিষয়টি বুঝতে পেরে নেসকোর কর্মীরা দ্রুত সংযোগ বন্ধ করে দেন। কিন্তু ততক্ষণে তিন মহল্লার অনেক বাড়ির বৈদ্যুতিক ও ইলেকট্রনিকস পণ্য পুড়ে যায়।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দারা নেসকোর কর্মীদের আটকে রাখেন। কেউ কেউ তাদের মারধরও করেন বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নেসকোর কর্মীরা থানায় ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

এ বিষয়ে কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কাদেরী বলেন, “নেসকোর কর্মীদের ভুলের কারণেই সম্ভবত অতিরিক্ত ভোল্টেজ সরবরাহ হয়েছে। এতে অনেক বাড়ির ইলেকট্রনিকস পণ্য পুড়ে যায়। ক্ষুব্ধ স্থানীয়রা নেসকোর কর্মীদের আটকে রেখেছিলেন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে”।

ক্ষতিগ্রস্তদের একজন অটোরিকশাচালক মো. রাজু জানান, বিদ্যুৎ না থাকলেও রাতে তিনি অটোরিকশার ব্যাটারি চার্জে দিয়ে রেখেছিলেন। রাত ২টার পর বিদ্যুৎ সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে চার্জারে আগুন ধরে যায়। এতে তাঁর প্রায় ২৮ হাজার টাকার ক্ষতি হয়েছে। এখন তিনি অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে পারছেন না।

বাখরাবাজ মধ্যপাড়ার বাসিন্দা সজল আলী বলেন, বিদ্যুৎ আসার সঙ্গে সঙ্গে তার বাড়ির টেলিভিশন পুড়ে যায়। একই সঙ্গে যেসব বৈদ্যুতিক বাল্বের সুইচ চালু ছিল, সেগুলোও নষ্ট হয়ে গেছে।

তার দাবি, হাই ভোল্টেজের কারণে প্রায় প্রতিটি বাড়িতেই কোনো না কোনো বৈদ্যুতিক পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

একই এলাকার বাসিন্দা মো. সানা জানান, তার বাড়ির বাতির পাশাপাশি টেলিভিশন, ফ্রিজ ও এসিও পুড়ে গেছে।

তার অভিযোগ, পোর্টেবল ট্রান্সফরমার চালুর সময় অতিরিক্ত ভোল্টেজ সরবরাহের কারণেই এসব ক্ষতি হয়েছে।

এদিকে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানতে স্থানীয়ভাবে তালিকা তৈরির কাজ শুরু করেছে কাটাখালী পৌর বিএনপি। পৌর বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম বলেন, “এলাকায় প্রায় ৩০০টি বাড়ি রয়েছে। কার কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা তালিকা শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত সংখ্যা বলা সম্ভব নয়। বুধবার দুপুর পর্যন্ত প্রায় ২০টি ক্ষতিগ্রস্ত বাড়ির তথ্য পাওয়া গেছে। তালিকা শেষ করে নেসকো কার্যালয়ে গিয়ে ক্ষতিপূরণের দাবি জানানো হবে”।

তবে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নেসকোর রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন। তিনি বলেন, “বিদ্যুৎ সরবরাহে দুর্ঘটনা ঘটলে এতগুলো বাড়ির ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়”।

দুর্ঘটনার সম্ভাব্য কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “বিদ্যুৎ সরবরাহ করা হয় তিনটি লাইনের মাধ্যমে। কোনো কারণে দুটি লাইন এক হয়ে গেলে অস্বাভাবিক মাত্রায় বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, যা অত্যন্ত বিপজ্জনক। বাখরাবাজের ঘটনায় এমন কিছু হয়ে থাকতে পারে। তবে কোথায় এই ত্রুটি ঘটেছে, গ্রাহকের বাড়িতে নাকি মূল লাইনে- তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়”।

এদিকে নেসকোর সার্কেল-১-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুল আলম চৌধুরী এবং প্রধান প্রকৌশলী (অপারেশন) জিয়াউল ইসলাম জানান, বাখরাবাজের ঘটনাটি সম্পর্কে সংশ্লিষ্ট বিক্রয় ও বিতরণ বিভাগ তাদের কিছু জানায়নি। বিষয়টি তারা খোঁজ নিয়ে দেখবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা