ধর্ষণ ও ধর্ষণচেষ্টা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ২২:৫৮ পিএম
প্রতীকী ছবি
দুই জেলায় ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতে ইসলামী ও ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে বিয়ের প্রলোভনে প্রতিবন্ধীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে এবং শরীয়তপুরে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা করা হয়।
অন্যদিকে, কুড়িগ্রামের উলিপুরে ছাত্রকে বলাৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে টাকা ও মোবাইল ফোন দেওয়ার প্রলোভনে এক শিশুকে বলাৎকারের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বিস্তারিত প্রতিবেদকদের পাঠানো খবরেÑ
হবিগঞ্জ : জেলার চুনারুঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক জামায়াত নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। গত মঙ্গলবার ভুক্তভোগী নারী বাদী হয়ে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন। অভিযুক্ত নূরুল ইসলাম সাজল চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি ইউনিয়ন জামায়াতের সভাপতি এবং জারুলিয়া বাজারের সাজল মেডিসিন কর্নারের স্বত্বাধিকারী।
বাদীপক্ষের আইনজীবী মো. আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করে বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করা হয়েছেÑ এমন অভিযোগে মঙ্গলবার ভুক্তভোগী নারী আদালতে মামলাটি করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে তদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির ইদ্রিস আলী বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর নূরুল ইসলাম সজলকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শরীয়তপুর: জেলার ভেদরগঞ্জে অন্তঃসত্ত্বা এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতা মিলন ঢালীর (৩৩) বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা প্রত্যাহার না করলে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের হত্যার পাশাপাশি ঘরবাড়িতে পেট্রল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনায় পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।
এর আগে গত ৫ আগস্ট ধর্ষণচেষ্টার ঘটনাটি ঘটে। পরে গত ৯ আগস্ট মিলন ঢালী ও আনোয়ার ঢালীসহ দুজনকে আসামি করে সখিপুর থানায় মামলা করেন ভুক্তভোগীর মা। মিলন ঢালী চরকুমারিয়া ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি এবং ঢালীকান্দি এলাকার আক্কাস ঢালীর ছেলে। এ বিষয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচএম জাকির হোসেন বলেন, ওখানে ছাত্রদলের কমিটি নেই। দলের নাম ভাঙিয়ে কেউ অন্যায় করলে তার দায় ছাত্রদল নেবে না।
সখিপুর থানার ওসি মোফাজ্জল হুসাইন বলেন, ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি ধর্ষণচেষ্টার মামলা রুজু করা হয়। মামলার কপি আদালতে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। হুমকির বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উলিপুর (কুড়িগ্রাম): পঞ্চম শ্রেণির ছাত্রকে বলাৎকারের ঘটনায় হাবিবুল্লাহ (২৫) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত হাবিবুল্লাহ মৌমিতা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। উলিপুর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে অর্থ ও মোবাইল ফোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক ভ্যানচালকের বিরুদ্ধে। পরে অভিযুক্ত ভ্যানচালক জীবনকে আটক করেছে ইবি থানা পুলিশ। বুধবার দুপুরে টিএসসিসির ভেতরে এ ঘটনা ঘটে। ইবি থানার ওসি মাসুদ রানা বলেন, অভিযুক্তকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন তিনি। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসকের কাছে পাঠানো হচ্ছে। দ্রুত তার শারীরিক পরীক্ষা এবং ধর্ষণের আলামত ও ডিএনএ নমুনা সংগ্রহের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।