রংপুর অফিস
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ২২:৪৮ পিএম
রংপুরে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিদলের সঙ্গে স্থানীয় অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রংপুরে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিদলের সঙ্গে স্থানীয় অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রংপুর সার্কিট হাউস অডিটোরিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সাখাওয়াত সিরাজ শুক্লা।
এ সময় বক্তব্য দেন সংস্থার কেন্দ্রীয় সদস্য সচিব শারমিন আক্তার রত্না, মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের উপপরিচালক এবং জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সালোয়ারা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ক্রীড়াঙ্গনে রংপুরের নারী খেলোয়াড়রা অনেক সাফল্য নিয়ে এসেছেন। এবারের নতুন কুঁড়িতেও ধারাবাহিকভাবে ভালো খেলে সারা দেশের মধ্যে রংপুর তালিকার শীর্ষস্থানে রয়েছে। কিন্তু সঠিক পৃষ্ঠপোষকতা ও তত্ত্বাবধানের অভাবে অনেক নারী খেলোয়াড়ই এখন ক্রীড়াঙ্গনে থাকতে চান না, যা দুঃখজনক। কিন্তু এখন সময় বদলেছে। প্রত্যেক ক্রীড়াবিদ তাদের ক্রীড়াসংশ্লিস্ট মেধা দিয়ে পেশাগত ক্যারিয়ার গড়তে পারবেন। নিজের জীবনকে গড়তে পারবেন। এই বার্তাগুলো প্রতিটি ক্রীড়াবিদ ও তাদের পরিবারের কাছে পৌঁছে দিতে হবে, যাতে করে ক্রীড়াঙ্গন ও খেলাধুলার প্রতি তাদের আগ্রহ বাড়ে। এ ছাড়া নারী খেলোয়াড়দের প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রীর ব্যবস্থারও একটি উদ্যোগ নেওয়া হবে।
সভায় নারীদের বয়সভিত্তিক নানা খেলাধুলা এগিয়ে নিতে সমস্যা, সম্ভাবনা নিয়ে নানা সুপারিশ প্রদান করা হয়।