রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ২২:৪৭ পিএম
মতিরহাট ও মাতাব্বরহাট লঞ্চঘাটে টোল আদায়ের নামে চরম নৈরাজ্য চলছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
লক্ষ্মীপুরের কমলনগরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আওতাধীন মতিরহাট ও মাতাব্বরহাট লঞ্চঘাটে টোল আদায়ের নামে চরম নৈরাজ্য চলছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং জেলা পরিষদের মধ্যে ঘাট ইজারা নিয়ে দীর্ঘদিনের আইনি ও প্রশাসনিক জটিলতাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন লঞ্চঘাট ও সংলগ্ন খেয়াঘাটগুলোতে ইজারাদারদের একচ্ছত্র নৈরাজ্য এবং ‘মুক্তার সিন্ডিকেট’ বা সমগোত্রীয় স্থানীয় প্রভাবশালীদের অতিরিক্ত ও অবৈধ টোল আদায়ের কারণে সাধারণ যাত্রী ও স্থানীয় জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
অভিযোগ রয়েছে, মুক্তারের সঙ্গে বিআইডব্লিউটিএর কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশ থাকায় তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় নদীকেন্দ্রিক গড়ে ওঠা বিভিন্ন ব্যবসার মালিকসহ স্থানীয় জনসাধারণ এখন অতিষ্ঠ হয়ে উঠেছেন।
অনুসন্ধানে জানা যায়, উপজেলার চরকালকিনি এলাকার বাসিন্দা মুক্তার হোসেন লক্ষ্মীপুর জেলা পরিষদের আওতাধীন ভোলা-লক্ষ্মীপুর (নৌ-রুট) খেয়াঘাট গত ১ জুলাই থেকে এক বছরের জন্য ইজারা নেন। ইজারার শর্ত অনুযায়ী খেয়ানৌকায় যাত্রী পারাপার ও মালামাল পরিবহন থেকে তিনি নির্ধারিত হারে টোল আদায় করবেন।
কিন্তু ইজারার শর্ত ভঙ্গ করে তিনি কয়েক গুণ লাভে স্থানীয় কাদির, আক্তার, মানিক ও শাহজাহান নামে চার ব্যক্তির কাছে খেয়াঘাটটি সাব-ইজারা দিয়ে দেন। শুধু তাই নয়, জেলা পরিষদের খেয়াঘাট ইজারা নিয়ে তিনি দখলে নেন বিআইডব্লিউটিএর আওতাধীন মতিরহাট ও মাতাব্বরহাট আরও দুটি লঞ্চঘাট।
মুক্তার হোসেন বিআইডব্লিউটিএর কতিপয় কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে সখ্য গড়ে ওঠে। ওই সুম্পর্ককে কাজে লাগিয়ে তিনি মতিরহাট ও মাতাব্বরহাট লঞ্চঘাট দুটির ইজারা প্রক্রিয়াও পণ্ড করে দেন। ফলে শুধু খেয়া ঘাটের ইজারা নিয়ে কৌশলে ঘাটের পুরো নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া হয়ে ওঠেন তিনি।
জানা গেছে, মতিরহাট ও মাতাব্বরহাট লঞ্চঘাট ইজারা প্রদানের জন্য বিআইডব্লিউটিএ চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় দরপত্র আহ্বান করলে আগ্রহী ব্যক্তিরা তৎপরতা শুরু করেন। মুক্তার সেই প্রক্রিয়াকে পণ্ড করতে ঘাট দুটি বিআইডব্লিউটিএর আওতাভুক্ত নয় দাবি করে হাইকোর্টে একটি রিট পিটিশন (নং-৪৪২২/২৬) দায়ের করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে গত ৬ মাসের জন্য ইজারা প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দেন। যে কারণে, সরকারি রাজস্ব আদায় সমুন্নত রাখতে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ দুজন শুল্ক আদায়কারী কর্মকর্তাকে খাস কালেকশনের দায়িত্ব দিয়ে ঘাটে পাঠায়।
তোফাজ্জল হোসেন ও শামীম আল শাকিব নামের ওই দুই কর্মকর্তা কিছুদিন খাস কালেকশন পরিচালনাও করেন। এরই মধ্যে গত ২১ জুলাই মুক্তার আইনজীবীর মাধ্যমে হাইকোর্টের ওই রিট পিটিশনটির সম্পূরক (সাপ্লিমেন্টারি) শুনানি করান। আদালত তিন কার্যদিবসের মধ্যে বাদীর লিখিত বক্তব্য জমার নির্দেশ দিয়ে ১৫ আগস্ট চূড়ান্ত আদেশের দিন ধার্য করেন।
অভিযোগ রয়েছে, মুক্তার আদালতের সেই আদেশ কপির বিকৃত ব্যাখ্যা দিয়ে খাস কালেকশনের জন্য নিযুক্ত বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তাকে ভয়ভীতি প্রদর্শন করে ঘাট ছেড়ে যেতে বাধ্য করেন।
তবে সেই অভিযোগ অস্বীকার করে বিআইডব্লিউটিএ লক্ষ্মীপুর জেলা সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা শাহ আলম বলেন, মুক্তারের দেখানো কাগজে টোল আদায়ের কোনো বৈধ সুযোগ নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুক্তার হোসেন বলেন, আমি জেলা পরিষদ থেকে খেয়া ঘাটের ইজারা নিয়েছি। বিআইডব্লিউটিএ এখানে সম্পূর্ণ অনিয়মতান্ত্রিকভাবে টোল আদায়ের চেষ্টা করছিল। তাই আমি আদালতের শরণাপন্ন হয়েছি। একই ঘাটে তো আর দুই কর্তৃপক্ষের ইজারা চলতে পারে না।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ-জামান বলেন, সরকারি বিধি লঙ্ঘন করে ঘাটে বেআইনি টোল আদায়ের কোনো সুযোগ নেই। ভুক্তভোগীদের তথ্যের ভিত্তিতে দ্রুতই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। মুক্তার হোসেন এমন প্রতারণা করে থাকলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।