রাজশাহী অফিস
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ২২:৪২ পিএম
রাজশাহীতে একত্রে এসএসসি পরীক্ষা দিয়ে মা-ছেলের দুজনেই জিপিএ-৫ পেয়ে আলোড়ন সৃষ্টি করেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজশাহীতে একত্রে এসএসসি পরীক্ষা দিয়ে মা-ছেলের দুজনেই জিপিএ-৫ পেয়ে আলোড়ন সৃষ্টি করেছেন। মা-ছেলের এমন সাফল্যে পরিবারজুড়ে বইছে আনন্দের বন্যা। ফল প্রকাশের পর প্রশংসায় ভাসছেন পরিবারের সবাই।
আলোচিত মা ও ছেলে হলেনÑ রাজশাহী নগরীর পশ্চিমের বসিলা এলাকার বাসিন্দা মোছা. সাদিয়া বেগম ও তার ছেলে তানভীর আহমেদ। স্বামী ও দুই সন্তান তথা সংসার সামলে নিজের পড়াশোনা দিব্যি চালিয়ে গেছেন। সাদিয়া বেগমের স্বামী তোফাজ্জল হোসেন সরকারি কর্মকর্তা। ১৯ বছর আগে সাদিয়া বেগম দম্পতির বিয়ে হয়। কোলজুড়ে আসে শিশু সন্তান। সংসার সামলাতে গিয়ে থেমে যায় তার পড়াশোনা। লেখাপড়ার আগ্রহ থেকেই সন্তানের লেখাপড়া দেখেন নতুন করে শুরু করেন শিক্ষাজীবন। তারই আগ্রহকে স্বাগত জানায় তার পরিবার। গৃহস্থালির কাজ, দুই সন্তানের দেখাশোনা করার পর ফাঁকা সময়ে চালিয়ে গেছেন লেখাপড়া। এই ফলাফলটি তার জন্য পুরস্কারস্বরূপ এবং সমাজের সবার জন্য দৃষ্টান্ত।
সাদিয়া বেগম ২০২৬-এ রাজপাড়া আদর্শ মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন। এদিকে তার ছেলে রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশ নিয়ে পেয়েছে গোল্ডেন জিপিএ-৫।
সাদিয়া বেগমের ছেলে তানভীর বলে, আমি সবচেয়ে সৌভাগ্যবান সন্তান। মায়ের সঙ্গে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুজনই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছি। মায়ের সঙ্গে পরীক্ষা দেওয়ার সৌভাগ্য কয়জনের হয়! আমি সেই সৌভাগ্যবান। আমি আমার মায়ের জন্য গর্ববোধ করি।