নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ২২:২৮ পিএম
নড়াইল সদর উপজেলার পেড়লী দাখিল মাদ্রাসা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নড়াইল সদর উপজেলার পেড়লী দাখিল মাদ্রাসায় শিক্ষক রয়েছেন ১৭ জন। শিক্ষার্থী প্রায় ২৫০ জন। এর মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিল ১৮ জন। কিন্তু ফল প্রকাশের পর দেখা গেল, এই ১৮ জনের একজনও উত্তীর্ণ হতে পারেনি।
একদিকে শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি থাকা সত্ত্বেও ফলাফলে এমন ধস, অন্যদিকে একটি প্রতিষ্ঠান কার্যত বন্ধÑ সব মিলিয়ে জেলার মাদ্রাসা শিক্ষার মান ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। তবে পেড়লী দাখিল মাদ্রাসার কয়েক শিক্ষার্থী ও অভিভাবক ফলাফল নিয়ে আপত্তি তুলে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের দাবি জানিয়েছেন।
১১ আগস্ট সকালে পেড়লী দাখিল মাদ্রাসায় সরেজমিন গিয়ে দেখা যায়, মাদ্রাসার শ্রেণিকক্ষগুলোতে পাঠদান চলছে। দোতলা ভবনের বিভিন্ন কক্ষে শিক্ষকরা পাঠদান করছিলেন। প্রতিষ্ঠানটির অধ্যক্ষের কক্ষেও ছিল শিক্ষকদের আনাগোনা।
মাদ্রাসার অধ্যক্ষ আশরাফুল জাম্মান বলেন, ‘অন্য বছর আমাদের ফলাফল ভালো ছিল। গত বছরও শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এ বছর ফলাফল একেবারেই আশানুরূপ হয়নি। অথচ পরীক্ষার্থীদের মধ্যে ভালো শিক্ষার্থীও ছিল।’
১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয় পেড়লী দাখিল মাদ্রাসাটি। ১৯৯০ সালে প্রথম এসএসসি পরীক্ষায় অংশ নেয় প্রতিষ্ঠানটি। ১৯৯৩ সালে এটি এমপিওভুক্ত হয়। বর্তমানে প্রায় ২৫০ শিক্ষার্থীর বিপরীতে অধ্যক্ষসহ ১৭ জন শিক্ষক কর্মরত রয়েছেন। গত বছর প্রতিষ্ঠানটির ফলাফল ছিল শতভাগ পাস। এক বছরের ব্যবধানে এবার কোনো শিক্ষার্থী পাস না করায় হতাশ শিক্ষক ও অভিভাবকেরা।
ফলাফল নিয়ে প্রশ্ন শিক্ষার্থীদের
পেড়লী দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী তুষ্মি খানম ফলাফল নিয়ে বিস্ময় প্রকাশ করেছে। তার দাবি, পড়াশোনায় সে বরাবরই ভালো ছিল। পঞ্চম শ্রেণিতে বৃত্তিও পেয়েছে। শ্রেণিকক্ষের পরীক্ষায়ও ভালো অবস্থানে ছিল। এসএসসি পরীক্ষায় ইংরেজিসহ সব পরীক্ষা ভালো দেওয়ার পরও ফলাফলে তাকে অকৃতকার্য দেখানো হয়েছে।
নড়াইল জেলা শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, জেলার দুটি দাখিল মাদ্রাসা থেকে এবার কোনো শিক্ষার্থী পাস করেনি। বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছেন।
তিনি বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা হবে। কোথায় সমস্যা হচ্ছে, তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের ফলাফল না হয় এবং প্রতিষ্ঠানের শিক্ষার মান ও ফলাফল উন্নত করা যায়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
তবে শিক্ষা সংশ্লিষ্টদের মতে, একটি প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক থাকার পরও যদি শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়, তাহলে শুধু পরীক্ষার্থীদের ব্যর্থতা হিসেবে বিষয়টি দেখার সুযোগ নেই। পাঠদানের মান, নিয়মিত ক্লাস, শিক্ষার্থীদের মূল্যায়ন, অভিভাবকদের সম্পৃক্ততা এবং প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনাÑ সবকিছুই পর্যালোচনা করা প্রয়োজন।