নলছিটি (ঝালকাঠি) প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ২২:২৫ পিএম
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। ছবি: সংগৃহীত
এসএসসি ও দাখিল পরীক্ষায় নলছিটির ৩টি মাদ্রাসা থেকে ৪২ জন পরীক্ষা দিয়ে একজনও পাস করতে পারেনি। গত সোমবার দাখিল পরীক্ষার ফলাফল ঘোষণার পর এসব তথ্য জানা যায়।
মাদ্রাসা তিনটির মোট পরীক্ষার্থীর চেয়ে বেশি শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন, এদের সংখ্যা ৪৩ জন। আর পরীক্ষার্থী হলো ৪২ জন। একজন পরীক্ষার্থীর জন্য একজনেরও বেশি শিক্ষক-কর্মচারী। অথচ পরীক্ষার ফলাফল বেহাল!
একজনও পাস না করা মাদ্রাসা তিনটি হলোÑ নলছিটি পৌরসভার সূর্যপাশা দাখিল মাদ্রাসা, রানাপাশা ইউনিয়নের রানাপাশা হোসাইনিয়া হাসেমিয়া দাখিল মাদ্রাসা ও দপদপিয়া ইউনিয়নের পশ্চিম কয়া আহম্মদিয়া দাখিল মাদ্রাসা।
সূর্যপাশা দাখিল মাদ্রাসার ১৭ শিক্ষার্থী সবাই ফেল করেছেন। এই প্রতিষ্ঠানে ১৩ জন শিক্ষক-কর্মচারী আছেন। রানাপাশা হোসাইনিয়া হাসেমিয়া দাখিল মাদ্রাসা থেকে ১৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছেন। এ প্রতিষ্ঠানে ১৬ শিক্ষক-কর্মচারী আছেন এবং পশ্চিম কয়া আহম্মদিয়া দাখিল মাদ্রাসা থেকে ১৬ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করেনি। এই প্রতিষ্ঠানে ১৪ শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন।
এ বিষয়ে সূর্যপাশা দাখিল মাদ্রাসা সুপার, মাওলানা আলাউদ্দীন জানান, এ বছর সরকারি পরীক্ষা কারিকুলাম ভিন্ন ও সিসি ক্যামেরার কারণে শিক্ষার্থীরা ভীত ছিল। আমাদের পাঠদানে কোনো ঘাটতি ছিল না।
রানাপাশা হোসাইনিয়া হাসেমিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আবুল বাসার জানান, তিনি দীর্ঘ ৯ বছর বরখাস্ত ছিলেন এবং শিক্ষক সংকটের কারণে ফলাফল বিপর্যয় হয়েছে। পশ্চিম কয়া আহম্মদিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. মনিরুজ্জামান জানান, তার প্রতিষ্ঠানে নতুন ভবনের নির্মাণ কাজ চলমান থাকায় শিক্ষার্থীরা মনোযোগী হতে পারেনি।
জেলা শিক্ষা অফিসার মো. আবু সাইদ জানান, আমরা ফেল করা মাদ্রাসাগুলোর তথ্য সংগ্রহ করেছি। যথাসময়ে মাদ্রাসা অধিদপ্তরে তথ্য প্রেরণ করা হবে।