হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ২১:৫৫ পিএম
হালুয়াঘাট উপজেলার জয়রামকুড়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জয়রামকুড়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে বিপর্যয় ঘটেছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ২১ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে মাত্র ৩ জন। ফেল করেছে ১৮ জন। ফলে পাসের হার দাঁড়িয়েছে মাত্র ১৪ দশমিক ২৯ শতাংশে।
২০০০ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় বর্তমানে শিক্ষক রয়েছেন ১৮ জন। এ ছাড়া কর্মচারী রয়েছেন চারজন। মাত্র ২১ পরীক্ষার্থীর বিপরীতে ১৮ জন শিক্ষক থাকলেও এমন ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, শিক্ষকদের পাঠদান, অভিভাবকদের নজরদারি এবং পরীক্ষার প্রস্তুতি আরও জোরদার করা প্রয়োজন। পাশাপাশি ধারাবাহিকভাবে খারাপ ফল করা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা বিভাগের কার্যকর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করার দাবি উঠেছে।
ফলাফল বিপর্যয়ের কারণ জানতে প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা সুপার মো. শফিকুল ইসলামকে মোবাইল ফোনে কল করা হলে তিনি বলেন, ‘পরীক্ষার হলে সিসিটিভি থাকায় অনেক শিক্ষার্থী আতঙ্কে ছিল। হয়তো এ কারণে ফলাফল খারাপ হতে পারে। এ ছাড়া আমরা দ্রুত স্টাফদের নিয়ে বসব এবং কীভাবে ফলাফল ভালো করা যায়, সে বিষয়ে আলোচনা করব।
হালুয়াঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘এ বছর মাদ্রাসাগুলোর পাসের হার অনেক কম। আমরা অতিশিগগির সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের নিয়ে বসব, কীভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায়, তা নিয়ে আলোচনা করব। সবচেয়ে খারাপ ফলাফল করেছে জয়রামকুড়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা। এরপর রয়েছে গোরকপুর শহরুল উলুম দাখিল মাদ্রাসা।