এসএসসি
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ২১:৫০ পিএম
বরিশালের মেহেন্দিগঞ্জের পশ্চিম রতনপুর পঙ্কজ দেবনাথ মাধ্যমিক বিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
৩৪ শিক্ষার্থীর মধ্য থেকে বাছাই করে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল মাত্র ৭ জনকে। প্রত্যাশা ছিল, বাছাই করা শিক্ষার্থীরা অন্তত বিদ্যালয়ের মুখ রক্ষা করবে। কিন্তু ফল প্রকাশের পর দেখা গেল, সাতজনের একজনও পাস করতে পারেনি।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পশ্চিম রতনপুর পঙ্কজ দেবনাথ মাধ্যমিক বিদ্যালয়ের এ ফলাফল নিয়ে এলাকায় দেখা দিয়েছে নানা প্রশ্ন। বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের অনিয়মিত উপস্থিতি, দীর্ঘদিনেও এমপিওভুক্ত না হওয়া এবং পাঠদানের পরিবেশ নিয়ে নতুন করে আলোচনায় এসেছে প্রতিষ্ঠানটি।
বিদ্যালয়টির প্রতিষ্ঠা ২০০১ সালে। ওই অঞ্চলে শিক্ষার সুযোগ তৈরির লক্ষ্যে তখন এর নাম ছিল পশ্চিম রতনপুর মাধ্যমিক বিদ্যালয়। পরে ২০১৬ সালে তৎকালীন সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের নাম যুক্ত করে বিদ্যালয়টির নাম পরিবর্তন করা হয়। প্রায় ২৫ বছর ধরে পাঠদানের অনুমতি থাকলেও এখনও এমপিওভুক্ত হয়নি প্রতিষ্ঠানটি।
বিদ্যালয়ের জমিদাতা, অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক শাহাদাত হোসেন বলেন, বর্তমানে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত শতাধিক শিক্ষার্থী রয়েছে। শিক্ষক রয়েছেন ১৮ জন। কিন্তু বিদ্যালয়টি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকরা বেতন-ভাতা পান না। এ কারণে অধিকাংশ শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে আসেন না। মাত্র ছয় থেকে সাতজন শিক্ষক দিয়ে চলছে পুরো বিদ্যালয়ের কার্যক্রম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না বলে অভিযোগ করেছেন পরিচালনা কমিটির সভাপতি। বর্তমানে শিক্ষিকা খাদিজা আক্তার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।
ফলাফল বিপর্যয়ের কারণ জানতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাদিজা আক্তারের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন বলেন, বিদ্যালয়টি নন-এমপিও হওয়ায় শিক্ষকদের নিয়োগ ও বেতন-ভাতার বিষয়টি সভাপতি ও সংশ্লিষ্টরা দেখছেন। বেতন-ভাতা না থাকায় অনেক শিক্ষক কর্মস্থলে নিয়মিত আসেন নাÑ এমন কথা তিনি শুনেছেন। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।