বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ২১:৩১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে।এর মধ্যেও এসএসসি পরীক্ষায় টানা ৯ বছর ধরে উপজেলা পর্যায়ে সেরা ফলাফল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে। ৯০০ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন মাত্র ছয়জন। এর মধ্যেও এসএসসি পরীক্ষায় টানা ৯ বছর ধরে উপজেলা পর্যায়ে সেরা ফলাফল করে আসছে ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠান।
এবার এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে ৯৫ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯৩ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৭ দশমিক ৮৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৪ জন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ৯০০ শিক্ষার্থী রয়েছে। বিপরীতে শিক্ষক রয়েছেন মাত্র ছয়জন। ২০১৮ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হলেও এরপর প্রয়োজন অনুযায়ী নতুন করে শিক্ষক বা জনবল দেওয়া হয়নি। ফলে দীর্ঘদিন ধরেই শিক্ষক সংকটের মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম চলছে। সংকট সামাল দিতে খণ্ডকালীন শিক্ষক দিয়েও পাঠদান করানো হচ্ছে।
শুধু শিক্ষক সংকটই নয়, বিদ্যালয়টিতে রয়েছে অবকাঠামোগত নানা সমস্যা। শ্রেণিকক্ষে পর্যাপ্ত ফ্যান নেই, রয়েছে বেঞ্চ সংকট। অনেক শিক্ষার্থীকে টিনের কক্ষে ক্লাস করতে হচ্ছে। আবাসিক শিক্ষার্থীদের জন্যও নেই প্রয়োজনীয় হোস্টেল সুবিধা।
গত মঙ্গলবার বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, টানা ৯ বছর উপজেলা পর্যায়ে সেরা ফলাফল অর্জন করায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস চলছে। বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান বলেন, ‘আমাদের আরও শিক্ষক থাকলে শতভাগ পাসের পাশাপাশি জিপিএ-৫-এর সংখ্যাও আরও বাড়ত। শিক্ষক সংকট, ফ্যান ও বেঞ্চ সংকটসহ নানা সমস্যা নিয়েও শিক্ষার্থীরা ভালো ফলাফল করছে।’
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, ‘আমি এখানে যোগদানের পর থেকেই সরকারি এ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকটের বিষয়টি দেখছি। সীমাবদ্ধতার মধ্যেও বিদ্যালয়টির ফলাফল ভালো। শিক্ষক সংকটের স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।