শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ২১:২৭ পিএম
সাহেবখালি সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের সাহেবখালী সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয়ে ১২ শিক্ষক-শিক্ষিকা রয়েছেন, কিন্তু এবারের এসএসসি পরীক্ষায় চার জন শিক্ষার্থী পরীক্ষা দিলেও কেউ পাস করতে পারেনি কেউ।
এর ফলে প্রতিষ্ঠানটির পাঠদান ও শিক্ষার মান নিয়ে উঠেছে নানা প্রশ্ন। যশোর বোর্ডের ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, সাতক্ষীরার ৪টি বিদ্যালয়ের শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে শ্যামনগরের একটি বিদ্যালয় রয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সাহেবখালী মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ২০১৩ সালে। তবে প্রতিষ্ঠানটি এখনও এমপিওভুক্ত হয়নি। ২০২৪ সালে মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পায়। এরপর এবারই প্রথম বিদ্যালয়টির শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। বর্তমানে বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ১৭৫ জন শিক্ষার্থী রয়েছে। প্রধান শিক্ষকসহ শিক্ষক-শিক্ষিকা আছেন ১২ জন। আগামী বছর এসএসসি পরীক্ষায় ২২ জনের মতো শিক্ষার্থী অংশ নিতে পারে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ বিল্লাহ বলেছেন, এ বছর আমাদের বিদ্যালয় থেকে নিয়মিত চারজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করতে পারেনি। বিষয়টি আমাদের জন্য অবশ্যই হতাশাজনক এবং আত্মসমালোচনারও বিষয়। তবে ফলাফলের পেছনে শিক্ষার্থীদের ঝরে পড়া, পারিবারিক আর্থিক সংকট ও পড়াশোনায় অনাগ্রহের মতো বিষয়ও রয়েছে।
শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ তেজারাত জানিয়েছেন, এ বছর শ্যামনগরে এসএসসি ও সমমান পরীক্ষায় ২ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাসের হার ৫৬ দশমিক ৮৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৫১ জন।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেছেন, সাহেবখালী সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয় থেকে চার জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের কেউই পাস করতে পারেনি। এটি বিদ্যালয়টির প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ।