শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ২১:২৫ পিএম
দশকাহনীয়া মাদ্রাসা ও সুপার মাওলানা আশরাফ আলী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের দশকাহনীয়া বালিকা দাখিল মাদ্রাসায় ১৭ শিক্ষক-কর্মচারী থাকলেও এবারের দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ২২ শিক্ষার্থীর কেউ পাস করতে পারেনি।
গত মঙ্গলবার দুপুরে মাদ্রাসায় গিয়ে দেখা যায়, পাঠদানের জন্য নেই শ্রেণিকক্ষ। মাদ্রাসাটির নেই সাইনবোর্ডে কিংবা একটি কক্ষও। ভিটেমাটি ও মাঠে স্থানীয়দের গরু ঘাস খাচ্ছে।
এদিকে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় ঘর থাকলেও গত কয়েক বছর ধরে এখানে আর মাদ্রাসার কোনো অস্তিত্ব নেই।
স্থানীয় সোবহান মিয়া বলেন, একসময় এখানে দুটি ঘর ছিল কিন্তু এখন এগুলো আর কিছুই নেই। মাঝেমধ্যে দুয়েকজন এসে জায়গাটি দেখে যায়। তবে এখানে বালিকা মাদ্রাসাটি হলে এলাকার জন্য ভালোই হবে। আমরা মাদ্রাসাটির যথাযথ কার্যক্রম চালু করার দাবি জানাচ্ছি।
মাদ্রাসাটির সুপার মাওলানা আশরাফ আলী বলেন, সুদীর্ঘ ২৭ বছর ধরে আমাদের নিজেদের খরচে উপজেলার একমাত্র বালিকা মাদ্রাসাটি পরিচালনা করে আসছি।
পাঠদানের জন্য শ্রেণিকক্ষ নেই এই প্রশ্নে তিনি বলেন, বারবার আবেদন করেও এমপিও না হওয়ায় শিক্ষকরাও হতাশ। জীবিকার তাগিদে অনেকেই ভিন্ন কাজ করে দিনাতিপাত করছেন। আর সেখানে ঘরগুলো ভেঙে গেছে।
সম্মিলিত সচেতন নাগরিক সমাজের যুগ্ম আহ্বায়ক জিহাদ হাসান বলেন, এসব প্রতিষ্ঠান এমপিও পেতে প্রথমদিকে অনেক আগ্রহ নিয়ে পথচলা শুরু করলেও পরবর্তীতে একসময় হাঁপিয়ে যায়। সংশ্লিষ্ট দপ্তরগুলোর উদাসীনতা রয়েছে, যার কারণে ঘর নেই সেটাও কাগজে কলমে বড় প্রতিষ্ঠান।
এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান বলেন, ময়মনসিংহ বোর্ডে এবার অপ্রত্যাশিতভাবে শেরপুর জেলা খারাপ রেজাল্ট করেছে। আর যে কয়েকটি মাদ্রাসায় কেউ পাস করেনি, মূলত সেসব মাদ্রাসাগুলো আসলে ননএমপিও। আর তাদের প্রতিষ্ঠানে পড়াশোনা করানো হয় না। পাশাপাশি আগামীতে ভালো ফলাফলের জন্য আমরা নিয়মিত বিদ্যালয় পরিদর্শনসহ গুরুত্বপূর্ণ বেশকিছু সিদ্ধান্ত নিয়েছি।