গৌরনদী প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ২০:৩৩ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৬ ২০:৩৪ পিএম
গৌরনদী মডেল থানার প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরিশালের গৌরনদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়-এর গৌরনদী প্রতিনিধি এস এম জুলফিকারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মাসুম হাওলাদারকে গ্রেপ্তারের দাবিতে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গৌরনদী মডেল থানার প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
মানববন্ধন শেষে সমাবেশে সভাপতিত্ব করেন গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিয়া, সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সম্পাদক হানিফ সরদার, সদস্য কাজী আল আমিন প্রমুখ।
এ সময় গৌরনদী প্রেস ক্লাবের সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা কর্মসূচিতে অংশ নেন। বক্তারা বলেন, গত ২ আগস্ট সাংবাদিক এস এম জুলফিকারের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের পর ১০ দিন পেরিয়ে গেলেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়া উদ্বেগজনক।
এতে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের পাশাপাশি নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। অনতিবিলম্বে প্রধান আসামিসহ মামলার সব আসামিকে গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।