চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ২০:১৯ পিএম
ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাট থেকে মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সার জব্দ করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাট থেকে মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকচালক পালিয়ে গেছেন।
গত মঙ্গলবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেতুয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। এ সময় সারবোঝাই একটি ট্রাক ও একটি ট্রলারও আটক করে পুলিশ। জব্দ করা সারের আনুমানিক মূল্য তিন লাখ টাকা।
আটক ব্যক্তিরা হলেনÑ লক্ষ্মীপুরের পারভেজ হোসেন, নোয়াখালীর মো. সিরাজ, মো. সোহেল ও মো. শাহারাজ (৪০)। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। চরফ্যাশন থানার ওসি মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, জব্দ করা সারগুলো ট্রলারে করে মিয়ানমারে পাচারের পরিকল্পনা ছিল। পরে পুলিশ সারবোঝাই ট্রাক ও ট্রলারটি জব্দ করে থানায় নিয়ে যায়। চরফ্যাশন থানার ওসি বলেন, মামলা রুজু করে আটকদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।